আমেরিকা

এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি সীমিত করছে বলে অভিযোগ ওঠা স্কুলের নীতিমালা নিয়ে গুরুত্বপূর্ণ একটি মামলা পর্যালোচনায় সম্মত হয়েছে। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমারি কাউন্টির কয়েকটি বিশেষায়িত সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নিয়ম নিয়ে এই আইনি লড়াই চলছে। মামলার রায় দেশজুড়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য পরিচালিত বিশেষায়িত স্কুলগুলোর ভর্তি প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। বিতর্কের কেন্দ্রে রয়েছে চারটি বিশেষায়িত মধ্যবিদ্যালয়ের ভর্তি নীতি। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়। আগে কাউন্টিজুড়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হলেও নতুন ব্যবস্থায় বিভিন্ন মধ্যবিদ্যালয়ের যোগ্য শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভর্তি নিশ্চিত করার পদ্ধতি চালু হয়। শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতার পাশাপাশি তারা যে স্কুলে পড়ে, সেই এলাকার আর্থসামাজিক পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়। মামলাকারীদের অভিযোগ, এই নীতির ফলে এশীয়-আমেরিকান শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের দাবি, নিয়মগুলো সরাসরি বর্ণের ভিত্তিতে বৈষম্য না করলেও বাস্তবে নির্দিষ্ট একটি গোষ্ঠীর শিক্ষার্থীদের ভর্তির সুযোগ কমিয়ে দিতে পারে। এ কারণে নীতিটি যুক্তরাষ্ট্রের সংবিধানের সমান সুরক্ষার নীতির সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষের বক্তব্য হলো, ভর্তি প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থীর বর্ণকে সরাসরি মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয় না। বরং বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের জন্য সুযোগ সম্প্রসারণ এবং আর্থসামাজিক বৈষম্য কমানোর লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় বর্ণভিত্তিক অগ্রাধিকার বাতিলের পর স্কুল পর্যায়েও এ ধরনের নীতি নিয়ে আইনি বিতর্ক বেড়েছে। সুপ্রিম কোর্টের এবারের পর্যালোচনায় মূল প্রশ্ন হলো, কোনো নিরপেক্ষ ভর্তি নীতিকে বর্ণবৈষম্যমূলক প্রমাণ করতে হলে সংশ্লিষ্ট গোষ্ঠীর সামগ্রিক ভর্তির হার তাদের আবেদনকারীর অনুপাতের তুলনায় কম ছিল—এটি প্রমাণ করা বাধ্যতামূলক কি না। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। আগামী বছর মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। রায়ের ওপর নির্ভর করবে, ভবিষ্যতে সরকারি স্কুলগুলো বৈচিত্র্য ও সমান সুযোগ নিশ্চিত করতে কী ধরনের ভর্তি নীতি গ্রহণ করতে পারবে।