যুক্তরাষ্ট্রের ধনকুবের ও টেসলা-স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে কংগ্রেসে শপথ নিয়ে জিজ্ঞাসাবাদের সুযোগ পেতে যাচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়ার পর আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এরপর মাস্কের নেতৃত্বে পরিচালিত সরকারি দক্ষতা বিভাগ (ডোজ) এবং ফেডারেল সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
ডেমোক্র্যাটদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ডোজের মাধ্যমে সরকারি কর্মী ছাঁটাই, বিভিন্ন সরকারি সংস্থার কার্যক্রম সংকুচিত করা এবং সরকারি তথ্য ব্যবস্থায় প্রবেশাধিকারের বিষয়গুলো। মাস্কের নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগের সিদ্ধান্তগুলো কীভাবে নেওয়া হয়েছিল, কারা এতে জড়িত ছিলেন এবং এর আর্থিক ও প্রশাসনিক প্রভাব কী ছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজতে চান আইনপ্রণেতারা।
ভার্জিনিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি জেমস ওয়াকিনশ জানিয়েছেন, মাস্ককে শপথ নিয়ে জবাব দিতে হবে। তাঁর মতে, মাস্ক সরকারি কর্মীদের ছাঁটাই এবং সরকারি সেবা সংকুচিত করার সময় প্রকাশ্যে যে ভূমিকা নিয়েছিলেন, সে বিষয়ে তাঁকে জবাবদিহি করতে হবে।
ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি রবার্ট গার্সিয়াও মাস্কের ডোজ-সংশ্লিষ্ট ভূমিকা তদন্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মাস্কের সরকারি কার্যক্রমে সম্পৃক্ততা নিয়ে তাঁদের অনেক প্রশ্ন রয়েছে এবং বিষয়টি তদন্তের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
ডেমোক্র্যাটদের সম্ভাব্য তদন্তের পেছনে রয়েছে ডোজের কার্যক্রম নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন। ২০২৫ সালে মাস্কের নেতৃত্বে সরকারি দক্ষতা বিভাগ (ডোজ) বিভিন্ন ফেডারেল সংস্থায় ব্যাপক কর্মী ছাঁটাই করে এবং সরকারি ব্যয় কমানোর উদ্যোগ নেয়। তবে এসব সিদ্ধান্তের ফলে কতটা অর্থ সাশ্রয় হয়েছে, সরকারি সেবায় কী প্রভাব পড়েছে এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা কতটা বজায় ছিল, তা নিয়ে বিতর্ক রয়েছে।
বিশেষ করে সরকারি কর্মচারী ও করদাতাদের সংবেদনশীল তথ্য ব্যবহারের বিষয়টি তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের অভিযোগ, ডোজের কর্মকর্তারা সরকারি তথ্যভান্ডারে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। এসব তথ্য কীভাবে ব্যবহার করা হয়েছে এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে চান তাঁরা।
তবে মাস্ককে তদন্তের জন্য ডাকার বিষয়টি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। তাঁকে স্বেচ্ছায় হাজির হতে বলা হতে পারে। প্রয়োজন হলে কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি সমন জারি করে সাক্ষ্য দিতে বাধ্য করার ক্ষমতাও রাখে।
এদিকে ডেমোক্র্যাটদের তদন্তের তালিকায় শুধু মাস্ক বা ডোজ নয়, ট্রাম্প পরিবারের ব্যবসায়িক কার্যক্রম, সরকারি চুক্তি, অভিবাসন নীতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রশাসনের সম্পর্কও রয়েছে। ফলে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে একাধিক গুরুত্বপূর্ণ তদন্ত সামনে আসতে পারে।
মাস্কের রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে তিনি বিপুল অর্থ ব্যয় করেছিলেন। কিন্তু নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর তাঁর রাজনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ড নতুন করে কংগ্রেসের নজরদারির আওতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য তদন্ত মোকাবিলার প্রস্তুতির ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে মাস্ককে ঘিরে রাজনৈতিক ও আইনি বিতর্ক আরও বাড়তে পারে।