আমেরিকা

যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

যুক্তরাষ্ট্রে শিশুদের ফর্মুলা দুধ ও শিশুখাদ্যের দাম এক মাসে রেকর্ড পরিমাণ বেড়েছে। গত অক্টোবরে এই দুই পণ্যের সম্মিলিত মূল্যসূচক বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, মূল্যবৃদ্ধির এই হার সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ শুরুর পর থেকে সর্বোচ্চ মাসিক বৃদ্ধি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় আগে থেকেই চাপে থাকা পরিবারগুলোর জন্য নতুন এই মূল্যবৃদ্ধি বাড়তি উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে যেসব পরিবারে ছোট শিশু রয়েছে এবং ফর্মুলা দুধের ওপর নির্ভর করতে হয়, তাদের মাসিক ব্যয় আরও বাড়তে পারে। গত মঙ্গলবার প্রকাশিত অক্টোবরের মূল্যস্ফীতির তথ্যে দেখা যায়, শুধু শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দামই নয়, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচও বেড়েছে। ওই মাসে যুক্তরাষ্ট্রে সামগ্রিক খাদ্যপণ্যের দাম বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। বাড়িভাড়া, বিদ্যুৎ, শিশুদের ডে-কেয়ার এবং গাড়ির বিমার খরচও বৃদ্ধি পেয়েছে। তবে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের মূল্যবৃদ্ধি অন্য খাতগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিশ্লেষকদের ধারণা, ফর্মুলা দুধের দাম বাড়ার পেছনে কয়েকটি কারণ কাজ করতে পারে। এর মধ্যে রয়েছে উৎপাদনের কাঁচামালের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্রে জন্মহারের পরিবর্তন। বাজার গবেষণা প্রতিষ্ঠান নিলসেনআইকিউর ভাইস প্রেসিডেন্ট ড্যারেন সেইফার এসব বিষয়কে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে বিএলএস মূল্যবৃদ্ধির নির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি। ফর্মুলা দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। উৎপাদন ব্যয়, পণ্যের নিরাপত্তা এবং দূষণসংক্রান্ত উদ্বেগের কারণে কয়েকটি বড় প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কাঠামো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। অক্টোবরে অ্যাবট ল্যাবরেটরিজ তাদের পুষ্টিবিষয়ক ব্যবসা আলাদা করার পরিকল্পনার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি সিমিল্যাক ব্র্যান্ডের ফর্মুলা দুধ বাজারজাত করে। ২০২২ সালে মিশিগানে অ্যাবটের একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগের পর যুক্তরাষ্ট্রজুড়ে ফর্মুলা দুধের সংকট তৈরি হয়েছিল। অন্যদিকে, পেরিগো কোম্পানি তাদের ফর্মুলা দুধের ব্যবসা বিক্রির পরিকল্পনা করেছে। বাইহার্টের সাবেক নির্বাহীদের গঠিত একটি প্রতিষ্ঠানের কাছে ব্যবসাটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বাইহার্টের তৈরি ফর্মুলা দুধ খেয়ে গত বছর কয়েকটি শিশু বটুলিজমে আক্রান্ত হওয়ার ঘটনাও আলোচনায় আসে। শুধু ফর্মুলা দুধ নয়, শিশুখাদ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। বিভিন্ন শিশুখাদ্যে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে আগে প্রশ্ন উঠেছিল। তবে কনজ্যুমার রিপোর্টসের সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে, কয়েকটি প্রতিষ্ঠান তাদের পণ্যে এসব উপাদানের মাত্রা কমাতে অগ্রগতি করেছে। নিলসেনআইকিউর ড্যারেন সেইফারের মতে, ফর্মুলা দুধ এমন একটি পণ্য, যার ব্যবহার পরিবারগুলো সহজে কমাতে পারে না। দাম বাড়লে অভিভাবকেরা হয়তো ব্র্যান্ড পরিবর্তন করবেন কিংবা তুলনামূলক ছোট প্যাকেট কিনবেন। কিন্তু শিশুর প্রয়োজনীয় খাবার কেনা বন্ধ করার সুযোগ তাঁদের নেই। শিশুখাদ্য ও ফর্মুলা দুধের এই মূল্যবৃদ্ধি যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয়ের ওপর নতুন চাপ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, উৎপাদন ব্যয় ও সরবরাহ ব্যবস্থার পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বাজারে পণ্যের সহজলভ্যতা এবং সাশ্রয়ী দামের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।