আমেরিকা

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বড় তদন্তের প্রস্তুতি, আপাতত তৃতীয় অভিশংসনের পথে যাচ্ছে না ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। তবে ট্রাম্পকে তৃতীয়বারের মতো অভিশংসনের উদ্যোগ নেওয়ার বিষয়ে এখনই আগ্রহ দেখাচ্ছে না দলটির নেতারা। তাঁদের পরিকল্পনায় আপাতত গুরুত্ব পাচ্ছে প্রশাসনের কথিত দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সরকারি সিদ্ধান্তের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা। ১৩ নভেম্বর পর্যন্ত পাওয়া নির্বাচনী ফল অনুযায়ী, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২৫৬টি আসন পেয়েছে, যেখানে রিপাবলিকানদের আসন ১৬৯টি। সিনেটেও ডেমোক্র্যাট ও তাদের সঙ্গে থাকা দুই স্বতন্ত্র সদস্য মিলে ৫৫টি আসন নিশ্চিত করেছেন। ফলে আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে ট্রাম্প প্রশাসনের ওপর নজরদারি ও তদন্ত চালানোর ক্ষেত্রে দলটি উল্লেখযোগ্য ক্ষমতা পাবে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতারা এই তদন্ত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সম্ভাব্য তদন্তের বিষয়বস্তু বেশ বিস্তৃত। এর মধ্যে রয়েছে অভিবাসন কর্মকর্তাদের অভিযান, ফেডারেল এজেন্টদের গুলিতে বিক্ষোভকারীদের নি হ ত হওয়ার ঘটনা, প্রয়াত জেফরি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিনিয়োগের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রনীতিতে প্রভাব বিস্তারের অভিযোগ। এ ছাড়া ইরানের সঙ্গে যু দ্ধ, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়েও তদন্তের সম্ভাবনা রয়েছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, এসব সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রতিনিধি পরিষদের সম্ভাব্য ডেমোক্র্যাটিক হুইপ পিট আগুইলার জানিয়েছেন, আপাতত তাঁদের লক্ষ্য জবাবদিহি নিশ্চিত করা, অভিশংসন নয়। তাঁর ভাষায়, তদন্তে পাওয়া প্রমাণ যেদিকে নিয়ে যাবে, তাঁরা সেদিকেই এগোবেন। তবে ট্রাম্পকে তৃতীয়বার অভিশংসনের বিষয়টি এখন দলীয় আলোচনার অগ্রাধিকার নয়। ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফও বলেছেন, তদন্তের মূল লক্ষ্য হওয়া উচিত এমন দুর্নীতি খুঁজে বের করা, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। তেলশিল্পের সঙ্গে সম্ভাব্য অনিয়ম, সরকারি চুক্তিতে বিশেষ সুবিধা দেওয়া এবং রাজনৈতিক অনুদানের বিনিময়ে সুবিধা পাওয়ার অভিযোগও তদন্তের আওতায় আসতে পারে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদের সম্ভাব্য তদন্ত কমিটির প্রধান রবার্ট গার্সিয়া জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে তদন্ত চালাতে তাঁরা প্রস্তুত। এর জবাবে হোয়াইট হাউসের আইনবিষয়ক কর্মকর্তা উইল স্কার্ফ সতর্ক করেছেন, ডেমোক্র্যাটদের তদন্তের কারণে তাঁদের বিরুদ্ধেও আইনি অনুসন্ধান শুরু হতে পারে। ট্রাম্পের প্রথম মেয়াদে প্রতিনিধি পরিষদ তাঁকে দুবার অভিশংসিত করেছিল। তবে দুইবারই সিনেটে তিনি অভিযোগ থেকে অব্যাহতি পান। ডেমোক্র্যাটদের একাংশ মনে করছে, তৃতীয়বার অভিশংসনের উদ্যোগ রাজনৈতিক বিতর্ক বাড়িয়ে দিতে পারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে মনোযোগ সরিয়ে নিতে পারে। তবে তদন্তে অভিশংসনযোগ্য অপরাধের প্রমাণ পাওয়া গেলে ভবিষ্যতে সেই পথ খোলা থাকতে পারে। আপাতত নতুন কংগ্রেসে নথি তলব, শুনানি এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার দিকেই নজর দিচ্ছে ডেমোক্র্যাটরা।