নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় উল্টে গেছে যাত্রীবাহী প্রমোদতরি। ভয়াবহ এ দুর্ঘটনায় নৌযানটির প্রায় ২০০ যাত্রী ও ক্রুর সবাইকে জীবিত উ দ্ধা র করা হয়েছে। তবে অন্তত ৩২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কারও আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে পোর্ট অব নিউ অরলিন্সের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্যাংকারটির নাম ‘অ্যাটলান্টিক অ্যাসফাল্ট’ এবং যাত্রীবাহী নৌযানটির নাম ‘আমেরিকান হেরিটেজ’। এটি আমেরিকান ক্রুজ লাইনস পরিচালিত একটি প্যাডল-হুইল নদীভিত্তিক প্রমোদতরি।
নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানান, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ঘাটে দাঁড়িয়ে থাকা প্রমোদতরিতে ধাক্কা দেয়। সংঘর্ষের পর যাত্রীরা নৌযান থেকে নামতে শুরু করেন। কিন্তু এর মধ্যেই পানি ঢুকতে শুরু করে এবং একপর্যায়ে প্রমোদতরিটি কাত হয়ে উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী ও ক্রু নদীতে পড়ে যান।
দুর্ঘটনার সময় নৌযানটিতে প্রায় ১৮০ থেকে ১৯৭ জন যাত্রী ও ক্রু ছিলেন বলে বিভিন্ন কর্মকর্তার দেওয়া তথ্যে জানা গেছে। যাত্রীদের সবাইকে নিরাপদে সরিয়ে নিতে স্থানীয় পুলিশ, দমকল বাহিনী, কোস্ট গার্ড, বন্দরের কর্মী এবং আশপাশে থাকা অন্যান্য নৌযানের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেন। কাছাকাছি থাকা কিছু নৌযানও নদীতে পড়ে যাওয়া মানুষদের উদ্ধারে এগিয়ে আসে।
মেয়র মোরেনো জানান, দুর্ঘটনায় কেউ নিখোঁজ নেই। উদ্ধার অভিযানের পর সবাইকে হিসাবের মধ্যে আনা সম্ভব হয়েছে। এ ঘটনাকে তিনি ‘মিসিসিপিতে অলৌকিক ঘটনা’ বলে উল্লেখ করেন। লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিও প্রাণহানি না হওয়াকে অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।
হাসপাতালে নেওয়া ৩২ জনের মধ্যে প্রমোদতরির ৩০ জন যাত্রী এবং উদ্ধারকাজে অংশ নেওয়া বন্দরের দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন। তাদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে। দুর্ঘটনার সময় কোনো শিশু নৌযানটিতে ছিল না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকারটির স্টিয়ারিং বা দিকনিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছিল। তবে ঠিক কী কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরিতে ধাক্কা দেয়, তা এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনার তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনার পর মিসিসিপি নদীর ওই অংশে সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এদিকে প্রমোদতরির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রী ও ক্রুদের হোটেলে থাকার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।