যুক্তরাষ্ট্রে চাকরির সুবাদে স্বাস্থ্যবিমা পাওয়া কর্মীদের চিকিৎসা ব্যয় আরও বাড়তে যাচ্ছে। ২০২৭ সালে নিয়োগকর্তাদের দেওয়া স্বাস্থ্যবিমার খরচ গড়ে ৮ শতাংশ বাড়তে পারে। দুই দশকেরও বেশি সময়ের মধ্যে এটি হবে সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি। এর ফলে কর্মীদের বেতন থেকে বিমার জন্য বেশি অর্থ কাটা, চিকিৎসাসেবায় বাড়তি খরচ বহন কিংবা স্বাস্থ্যবিমার সুবিধা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্বাস্থ্যসেবা ব্যয়বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান মার্শের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে কর্মীপ্রতি স্বাস্থ্যসুবিধার মোট ব্যয় গড়ে ৮ শতাংশ বাড়তে পারে। এই হিসাবের মধ্যে নিয়োগকর্তা ও কর্মী—উভয়ের দেওয়া অর্থ অন্তর্ভুক্ত। প্রায় ১৫ কোটি ৭০ লাখ মার্কিন নাগরিক নিজের কর্মস্থল, স্বামী বা স্ত্রী কিংবা বাবা-মায়ের চাকরির মাধ্যমে স্বাস্থ্যবিমা পান। ফলে ব্যয়ের এই বৃদ্ধি দেশটির বিপুলসংখ্যক মানুষের ওপর প্রভাব ফেলতে পারে।
স্বাস্থ্যবিমার খরচ বাড়ার প্রভাব ইতিমধ্যেই কর্মীদের ওপর পড়ছে। স্বাস্থ্যনীতি গবেষণা সংস্থা কেএফএফের ২০২৬ সালের নিয়োগকর্তাভিত্তিক স্বাস্থ্যবিমা জরিপে দেখা গেছে, পরিবারের স্বাস্থ্যবিমার প্রিমিয়াম বাবদ কর্মীদের বার্ষিক গড় অবদান বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭১ ডলারে। ২০২৫ সালের তুলনায় এই অঙ্ক ৬২১ ডলার বা প্রায় ৯ শতাংশ বেশি। একই সময়ে পরিবারের জন্য স্বাস্থ্যবিমার মোট বার্ষিক প্রিমিয়াম বেড়ে হয়েছে ২৮ হাজার ৩০৩ ডলার।
ছোট প্রতিষ্ঠানে কর্মরতদের ওপর চাপ আরও বেশি। ২০০ জনের কম কর্মী রয়েছে—এমন প্রতিষ্ঠানের কর্মীরা পরিবারের স্বাস্থ্যবিমার জন্য বছরে গড়ে ৯ হাজার ৬৮৭ ডলার দেন। অন্যদিকে ২০০ বা তার বেশি কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানে এই পরিমাণ গড়ে ৬ হাজার ৮৪০ ডলার। অর্থাৎ ছোট প্রতিষ্ঠানের কর্মীদের নিজেদের পকেট থেকে তুলনামূলক অনেক বেশি অর্থ দিতে হচ্ছে।
স্বাস্থ্যবিমার ব্যয় বাড়ায় নিয়োগকর্তারাও খরচ কমানোর পথ খুঁজছেন। কোনো কোনো প্রতিষ্ঠান কর্মীদের প্রিমিয়ামের অংশ বাড়িয়ে দিচ্ছে, আবার কেউ কেউ চিকিৎসাসেবার ক্ষেত্রে ডিডাক্টিবল বা নিজস্ব খরচের পরিমাণ বাড়াচ্ছে। কেএফএফের জরিপ অনুযায়ী, বড় প্রতিষ্ঠানগুলোর ৪৪ শতাংশ কর্মীদের প্রিমিয়ামে নিজেদের অংশ বাড়িয়েছে। ২১ শতাংশ প্রতিষ্ঠান বেশির ভাগ চিকিৎসাসেবার ক্ষেত্রে ডিডাক্টিবল বা অন্যান্য নিজস্ব খরচ বাড়িয়েছে।
চিকিৎসা ব্যয় বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে। হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর একীভূত হওয়ার ফলে কিছু বাজারে সেবাদাতাদের মূল্য নির্ধারণের ক্ষমতা বেড়েছে। মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা বৃদ্ধি, নতুন ও ব্যয়বহুল ক্যানসারের ওষুধ এবং ওজন কমানোর জিএলপি-১ ধরনের ওষুধের ব্যবহারও স্বাস্থ্যবিমার ওপর বাড়তি চাপ তৈরি করছে। পাশাপাশি চিকিৎসাসেবার বিল পর্যালোচনায় নতুন প্রযুক্তির ব্যবহারও ব্যয়ের হিসাবকে প্রভাবিত করছে।
এরই মধ্যে স্বাস্থ্যসেবার খরচ নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। কেএফএফের তথ্য অনুযায়ী, প্রতি ১০ জন মার্কিন নাগরিকের প্রায় ছয়জন চিকিৎসার ব্যয় বহন করতে পারবেন কি না, তা নিয়ে চিন্তিত। নিয়োগকর্তারা স্বাস্থ্যবিমার সুবিধা কমাতে শুরু করলে এই উদ্বেগ আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চাকরির সঙ্গে স্বাস্থ্যবিমা দেওয়াকে কর্মীদের অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বিমার খরচ ক্রমাগত বাড়তে থাকায় ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে এই সুবিধা ধরে রাখা কঠিন হয়ে উঠছে। ২০০০ সালে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের ৮০ শতাংশের বেশি কর্মীদের স্বাস্থ্যবিমা দিত। সাম্প্রতিক হিসাবে সেই হার কমে ৫৯ শতাংশে নেমেছে।
নিয়োগকর্তারা ব্যয় সামলাতে কর্মীদের স্বামী বা স্ত্রীকে বিমার আওতায় রাখার সুযোগ সীমিত করা, কিছু ওষুধের কভারেজ কমানো কিংবা স্বাস্থ্যবিমার সুবিধা পুরোপুরি বন্ধ করার মতো পদক্ষেপও বিবেচনা করছেন। শ্রমবাজারে প্রতিযোগিতা কমে গেলে এসব সিদ্ধান্ত আরও বাড়তে পারে।
স্বাস্থ্যবিমার ব্যয় বৃদ্ধি এখন যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত আলোচনারও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কর্মীদের জন্য বিষয়টি শুধু মাসিক বিমার কিস্তির মধ্যে সীমাবদ্ধ নয়; চিকিৎসা নিতে গিয়ে নিজস্ব পকেট থেকে কত টাকা দিতে হবে, সেটিও বড় উদ্বেগ। ২০২৭ সালে প্রিমিয়াম বৃদ্ধির পূর্বাভাস বাস্তবায়িত হলে নিয়োগকর্তা ও কর্মী—উভয় পক্ষকেই স্বাস্থ্যসেবার খরচ সামলাতে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।