দক্ষিণ সুদানে বয়স্ক এক মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর পর ১৮ বছর বয়সী এক খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হ ত্যা করার অভিযোগ উঠেছে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আজাক মাবিওর নামের ওই তরুণী জোরপূর্বক বিয়েতে রাজি না হওয়ায় স্বজনদের হাতে নি র্যাতনের শিকার হন বলে জানা গেছে।
গত ৬ নভেম্বর দক্ষিণ সুদানের জংলেই রাজ্যে এ ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে এক বয়স্ক মুসলিম ব্যক্তির সঙ্গে মাবিওরের বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে নিজের খ্রিস্টান ধর্মবিশ্বাসের কারণে ওই বিয়েতে সম্মতি দেননি তিনি। তাঁর এই আপত্তির জেরেই তাঁকে পিটিয়ে হ ত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনায় অভিযুক্ত হিসেবে মাবিওরের নিজের ভাই ও এক চাচাতো ভাইয়ের নাম এসেছে। তাঁদের দুজনকে রাজ্যের বর শহর থেকে গ্রেপ্তার করা হলেও পরে পরিবারের সদস্যদের আবেদনের পর কোনো অভিযোগ গঠন ছাড়াই ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় এক যাজক আন্তর্জাতিক খ্রিস্টান অধিকারবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান কনসার্নকে বলেন, জোরপূর্বক বিয়েতে রাজি না হওয়ায় কোনো তরুণীকে হ ত্যা করা এবং অভিযুক্তরা পরিবারের সদস্য হওয়ায় মুক্তি পেয়ে যাওয়ার ঘটনা সমাজে ভয়াবহ বার্তা দেয়। তাঁর ভাষায়, এতে বোঝা যায়—কিছু ক্ষেত্রে পারিবারিক প্রথা আইনের চেয়েও শক্তিশালী হয়ে উঠছে, এমনকি একজন মানুষের জীবনের মূল্যকেও ছাপিয়ে যাচ্ছে।
ওই যাজক আরও বলেন, দক্ষিণ সুদানের অনেক খ্রিস্টান পরিবারের মেয়েকে একই ধরনের পরিস্থিতির মধ্যে থাকতে হয়। জোর করে মুসলিম পুরুষের সঙ্গে বিয়ের চাপের পাশাপাশি তাঁদের নিজেদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ বিসর্জন দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়। এতে হুমকি, ভয়ভীতি ও সহিংসতার ঝুঁকিতে পড়তে হয় তাঁদের।
তিনি বলেন, খ্রিস্টান ধর্মের শিক্ষা অনুযায়ী, প্রতিটি মানুষের জীবন মূল্যবান। কিন্তু কোনো তরুণী নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে রাজি না হলে তাঁকে অনেক সময় সমাজের বিরোধী হিসেবে দেখা হয়। এ কারণে অনেক তরুণীকে প্রাণ হারাতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মাবিওরের ঘটনায় অভিযুক্ত স্বজনদের মুক্তি পাওয়ার বিষয়টি স্থানীয় খ্রিস্টান নারীদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া মেয়েরা আইনি সহায়তা পাবেন কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান কনসার্নের ওই প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে সহিংসতার শিকার মেয়েদের পাশে দাঁড়ানোর মতো জায়গা সীমিত হয়ে পড়ে। সংশ্লিষ্ট যাজক এ পরিস্থিতিতে গির্জা ও বৃহত্তর খ্রিস্টান সম্প্রদায়কে ভুক্তভোগীদের পক্ষে কথা বলার আহ্বান জানান।
এদিকে, বিশ্বজুড়ে খ্রিস্টানদের ওপর নির্যাতন পর্যবেক্ষণকারী সংস্থা ওপেন ডোরসের ২০২৪ সালের এক প্রতিবেদনে দক্ষিণ সুদানে অপহরণ ও জোরপূর্বক বিয়েকে ব্যাপক সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশটির কিছু এলাকায় বিশেষ করে ধর্মান্তরিত খ্রিস্টানদের অন্য ব্যক্তির সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে—এমন এলাকাগুলোতে অপহরণের ঝুঁকিও বেশি।
আজাক মাবিওরের ঘটনায় অভিযুক্তরা মুক্তি পাওয়ায় দেশটিতে জোরপূর্বক বিয়ে ও নারীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।