যুক্তরাষ্ট্রজুড়ে ওজন কমানোর জন্য ব্যবহৃত একটি ইনজেকশন ওষুধের ২২টি ভায়াল বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। ওষুধটির জীবাণুমুক্ততা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপোথেকারি ফার্মা (Apothecary Pharma)। বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ওষুধটি দূষিত হওয়ার আশঙ্কা থাকায় ব্যবহারকারীদের নিজ নিজ ওষুধের ব্যাচ নম্বর যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রত্যাহার করা ওষুধটি হলো টিরজেপাটাইড (Tirzepatide)। এটি জিএলপি-১ শ্রেণির একটি ওষুধ, যার সক্রিয় উপাদান জনপ্রিয় ডায়াবেটিস ও ওজন কমানোর ওষুধ মাউনজারো এবং জেপবাউন্ডেও রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রত্যাহারের আওতায় থাকা ওষুধগুলো মাউনজারো বা জেপবাউন্ডের মূল ব্র্যান্ডের পণ্য নয়। এগুলো বিশেষায়িত ফার্মেসিতে তৈরি করা কম্পাউন্ডেড বা মিশ্রিত সংস্করণ।
উত্তর ক্যারোলাইনাভিত্তিক অ্যাপোথেকারি ফার্মা গত ২৪ সেপ্টেম্বর স্বেচ্ছায় ওষুধ প্রত্যাহার শুরু করে। পরে ৮ অক্টোবর এফডিএ এটিকে ক্লাস-২ প্রত্যাহার হিসেবে শ্রেণিবদ্ধ করে। এই শ্রেণির অর্থ হলো, ওষুধ ব্যবহার করলে সাময়িক বা চিকিৎসায় নিয়ন্ত্রণযোগ্য স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। তবে গুরুতর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তুলনামূলক কম বলে বিবেচিত হচ্ছে।
এফডিএর তথ্য অনুযায়ী, প্রত্যাহার করা টিরজেপাটাইড ইনজেকশনগুলো ১৮ মিলিগ্রাম/মিলিলিটার ঘনত্বের এবং প্রতিটি ভায়ালে ৪ মিলিলিটার ওষুধ রয়েছে। এগুলো নির্দিষ্ট কয়েকটি ব্যাচের পণ্য। আক্রান্ত ব্যাচের নম্বর হলো AP-202622 থেকে AP-202625 এবং AP-202627 থেকে AP-202644। এসব ভায়ালের ব্যবহারের শেষ তারিখ ২০২৬ সালের ৭ অক্টোবর থেকে ২৬ নভেম্বরের মধ্যে।
এ ছাড়া একই প্রতিষ্ঠান তাদের একটি এনএডি প্লাস (NAD+) ইনজেকশনের একটি ভায়ালও প্রত্যাহার করেছে। সব মিলিয়ে ২৩টি ইনজেকশন ভায়াল এই প্রত্যাহারের আওতায় এসেছে।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে অ্যাপোথেকারি ফার্মাকে সতর্কবার্তা দিয়েছিল এফডিএ। প্রতিষ্ঠানটির ওষুধ উৎপাদন ও জীবাণুমুক্ত রাখার প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি পাওয়া গিয়েছিল। বিশেষ করে জীবাণুমুক্ত ইনজেকশন তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিচ্ছন্নতার নিয়ম যথাযথভাবে অনুসরণ না করার বিষয়টি উঠে আসে। এতে রোগীদের স্বাস্থ্যঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল বলে জানিয়েছিল সংস্থাটি।
তবে আগের উৎপাদনসংক্রান্ত ত্রুটির সঙ্গে বর্তমান ওষুধ প্রত্যাহারের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করেনি এফডিএ। এখন পর্যন্ত প্রত্যাহার করা ওষুধ ব্যবহারের কারণে কোনো অসুস্থতা বা শারীরিক ক্ষতির ঘটনা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
যাঁরা টিরজেপাটাইড ইনজেকশন ব্যবহার করছেন, তাঁদের ভায়ালের গায়ে থাকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, ব্যাচ নম্বর এবং ওষুধের পরিচিতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে অনলাইন স্বাস্থ্যসেবা বা টেলিহেলথ প্রতিষ্ঠানের মাধ্যমে ওষুধ সংগ্রহকারীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ, অ্যাপোথেকারি ফার্মা বিভিন্ন টেলিহেলথ সেবাদাতার কাছে ওষুধ সরবরাহ করে থাকতে পারে।
প্রত্যাহারের আওতায় থাকা কোনো ভায়াল পাওয়া গেলে সেটি ব্যবহার না করে চিকিৎসক বা ফার্মাসিস্টের সঙ্গে যোগাযোগ করা উচিত। আক্রান্ত ইনজেকশন নেওয়ার পর জ্বর, ইনজেকশন দেওয়ার স্থানে লালচে ভাব, ফোলা কিংবা ব্যথা বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রে কম্পাউন্ডেড ওষুধের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। এসব ওষুধ বিশেষায়িত ফার্মেসিতে রোগীর প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়। তবে ব্র্যান্ডেড ওষুধের মতো বাজারে আসার আগে প্রতিটি কম্পাউন্ডেড পণ্য এফডিএর একই ধরনের নিরাপত্তা, কার্যকারিতা ও গুণগত মান যাচাইয়ের মধ্য দিয়ে যায় না। ফলে উৎপাদনপ্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণে ত্রুটি থাকলে রোগীদের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।