ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিক দূষণ কমাতে নেওয়া গুরুত্বপূর্ণ আইন বাস্তবায়নে বড় ধরনের তথ্যসংকট দেখা দিয়েছে। প্লাস্টিকের প্যাকেজিং উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় অর্ধেকই রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য জমা দেয়নি। যারা তথ্য দিয়েছে, তাদের অনেকের জমা দেওয়া হিসাবেও ভুল ও অসম্পূর্ণতা পাওয়া গেছে। এতে প্লাস্টিক ব্যবহার কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং আইন কার্যকরের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ক্যালিফোর্নিয়ার বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারবিষয়ক সংস্থা ক্যালরিসাইকেল চলতি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির পরিচালক জো হেলার বলেছেন, অর্ধেকের কিছু বেশি উৎপাদনকারী তথ্য জমা দিলেও সব তথ্য সঠিক বা সম্পূর্ণ ছিল না।
রাজ্যের সিনেটর ক্যাথরিন ব্লেকসপিয়ারও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, আইন অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর তথ্য দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও অনেক প্রতিষ্ঠান তা করছে না। প্লাস্টিক দূষণ কমানোর উদ্যোগে এ ধরনের অনিয়ম গ্রহণযোগ্য হতে পারে না।
ক্যালিফোর্নিয়ার এই আইনটি সিনেট বিল ৫৪ বা এসবি ৫৪ নামে পরিচিত। ২০২২ সালে পাস হওয়া আইনটির লক্ষ্য, ২০৩২ সালের মধ্যে রাজ্যে ব্যবহৃত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিমাণ ২৫ শতাংশ কমানো। এ লক্ষ্য পূরণে প্লাস্টিক উৎপাদনকারী, প্যাকেজিং প্রতিষ্ঠান ও পরিবেশকদের নির্দিষ্ট পরিমাণ তথ্য সরকারকে জানাতে হয়।
আইনটির আওতায় কোম্পানিগুলোকে ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ায় কত পরিমাণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বিক্রি বা সরবরাহ করেছে, তার হিসাব দিতে বলা হয়েছে। এই তথ্যের ভিত্তিতেই পরবর্তী বছরগুলোতে প্লাস্টিক ব্যবহার কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ হওয়ার কথা।
কিন্তু তথ্যের ঘাটতির কারণে লক্ষ্যমাত্রার হিসাবেও বড় পরিবর্তন এসেছে। ২০২৪ সালে ক্যালরিসাইকেল রাজ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্রাথমিক পরিমাণ ২৯ লাখ টন বলে অনুমান করেছিল। গত ২ নভেম্বর সংস্থাটি সেই হিসাব পরিবর্তন করে ১০ লাখ ৩০ হাজার টন নির্ধারণ করে। নতুন হিসাবটি মূলত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জমা দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি।
এই পরিবর্তনের ফলে ২০৩২ সালের মধ্যে রাজ্যে প্লাস্টিকের ব্যবহার কমানোর পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। আগের হিসাব অনুযায়ী প্রায় ৭ লাখ ২৫ হাজার টন প্লাস্টিক ব্যবহার কমানোর কথা ছিল। নতুন হিসাব অনুযায়ী সেই পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ২ লাখ ৫০ হাজার টন।
ব্যক্তিপ্রতি হিসাবেও পার্থক্যটি বড়। আগের লক্ষ্যমাত্রা অনুযায়ী ক্যালিফোর্নিয়ার প্রত্যেক বাসিন্দার বার্ষিক প্লাস্টিক ব্যবহার গড়ে ৩৭ পাউন্ড কমার কথা ছিল। নতুন হিসাব অনুযায়ী তা কমে দাঁড়িয়েছে মাত্র ১৩ পাউন্ডে।
এই আইন বাস্তবায়নের দায়িত্ব মূলত শিল্পপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে গঠিত সার্কুলার অ্যাকশন অ্যালায়েন্সের (সিএএ) ওপরও নির্ভরশীল। ২০২৪ সালে রাজ্য অনুমোদিত এই শিল্পসংগঠনটি আইন বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করে, কোম্পানিগুলোর কাছ থেকে ফি নির্ধারণ ও সংগ্রহ করে এবং পুনর্ব্যবহার কর্মসূচিতে অর্থায়ন করে। অন্যদিকে ক্যালরিসাইকেল পরিকল্পনা অনুমোদন ও আইন কার্যকরের বিষয়টি তদারক করে।
আইনটি তৈরির সময় পরিবেশবাদী সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা হয়েছিল। পরিবেশবাদীরা চেয়েছিলেন, প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণে রাজ্য সরকারের সরাসরি ক্ষমতা থাকুক। কিন্তু ব্যবসাপ্রতিষ্ঠানগুলো শিল্পখাতের নেতৃত্বে আইন বাস্তবায়নের পক্ষে ছিল। শেষ পর্যন্ত সেই কাঠামোর ভিত্তিতেই আইনটি কার্যকর করা হয়।
সিনেটর ব্লেকসপিয়ার মনে করেন, এখন কিছু কোম্পানি আইন মানতে অনীহা দেখাচ্ছে। এমনকি কয়েকটি প্রতিষ্ঠান আদালতেও আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাঁর আশঙ্কা, তথ্য জমা না দেওয়া প্রতিষ্ঠানগুলো কোনো আর্থিক দায় ছাড়াই প্লাস্টিক বাজারজাত করতে পারবে। অন্যদিকে নিয়ম মেনে চলা কোম্পানিগুলোকে অতিরিক্ত খরচ বহন করতে হবে।
ক্যালরিসাইকেলের পরিচালক জো হেলার জানিয়েছেন, ভুল তথ্যের মধ্যে অসম্পূর্ণ হিসাব, প্রকৃত পরিমাণের চেয়ে কম তথ্য দেওয়া এবং প্রতিবেদন তৈরির প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে। সংস্থাটি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও শিল্পসংগঠনের সঙ্গে কাজ করে সঠিক ও যাচাইযোগ্য তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
তিনি আরও জানান, প্রতি বছর নতুন তথ্যের ভিত্তিতে প্লাস্টিক ব্যবহারের প্রাথমিক হিসাব সংশোধন করা হবে। কোনো প্রতিষ্ঠান তথ্য দিতে ব্যর্থ হলে কিংবা ভুল তথ্য জমা দিতে থাকলে তাদের বিরুদ্ধে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তবে সার্কুলার অ্যাকশন অ্যালায়েন্সের মুখপাত্র ক্যাসি অ্যাঞ্জেল ভিন্ন যুক্তি তুলে ধরেছেন। তাঁর মতে, প্লাস্টিক ব্যবহারের প্রাথমিক পরিমাণ কম নির্ধারিত হলে ভবিষ্যতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ আরও কঠিন হয়ে উঠতে পারে। কারণ, ২৫ শতাংশ কমানোর হিসাবটি চূড়ান্ত প্রাথমিক পরিমাণের ওপর নির্ভর করবে।
এ বিষয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান্তা বারবারা ক্যাম্পাসের সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বেনিওফ ওশান সায়েন্স ল্যাবরেটরির পরিচালক ডগলাস ম্যাককলে ও ক্যালরিসাইকেলের বক্তব্য হলো, প্রতিবছর তথ্য সংশোধনের মাধ্যমে প্রাথমিক হিসাব বাড়তে পারে। ফলে ভবিষ্যতে প্লাস্টিক উৎপাদন কমানোর লক্ষ্যমাত্রাও সেই অনুযায়ী পরিবর্তিত হবে।
আরেকটি উদ্বেগের বিষয় হলো, কিছু প্রতিষ্ঠান আইন মেনে চলার খরচ ও প্রশাসনিক ঝামেলা এড়াতে চাইতে পারে। এতে নিয়ম মেনে চলা কোম্পানিগুলো প্রতিযোগিতায় বাড়তি চাপের মুখে পড়বে। ইউরোপের একই ধরনের আইন নিয়ে করা একটি গবেষণায় দেখা গেছে, সেখানে এ ধরনের নিয়ম এড়িয়ে চলা প্রতিষ্ঠানের হার ১ থেকে ৩০ শতাংশের মধ্যে।
সিনেটর ব্লেকসপিয়ার মনে করেন, আইন কার্যকরে ক্যালরিসাইকেলের আরও কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন। তাঁর মতে, কোম্পানিগুলো যদি নিয়ম মানার বাধ্যবাধকতা অনুভব না করে, তাহলে প্যাকেজিংয়ের নকশা ও প্লাস্টিক ব্যবহার কমানোর উদ্যোগও কার্যকর হবে না।
সব মিলিয়ে ক্যালিফোর্নিয়ার প্লাস্টিকবিরোধী আইন বাস্তবায়নে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং আইন অমান্যকারীদের জবাবদিহির আওতায় আনা।