যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে নিজেই উপস্থিত হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেন শহরের বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্প পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান শি। দুই নেতার করমর্দনের পর আলিঙ্গনের দৃশ্য আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ, বিদেশি রাষ্ট্রপ্রধানদের বিমানবন্দরে গিয়ে স্বাগত জানানোর ঘটনা চীনা প্রেসিডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত বিরল।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে চীনে গেছেন ট্রাম্প। তাঁর এই সফরের অন্যতম আকর্ষণ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে শি ও ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।
বিমান থেকে নামার পর ট্রাম্পকে লালগালিচায় স্বাগত জানান শি। এ সময় দুই দেশের পতাকা হাতে উপস্থিত ছিলেন অনেকে। সামরিক সদস্যদের পাশাপাশি ফুল ও রঙিন পমপম হাতে অভ্যর্থনা জানাতে দেখা যায় সাধারণ মানুষকেও। দুই নেতা করমর্দন করেন এবং পরে সংক্ষিপ্ত সময়ের জন্য আলিঙ্গন করেন।
এই অভ্যর্থনাকে দুই নেতার মধ্যে কূটনৈতিক সৌজন্যের বিরল আদান-প্রদান হিসেবে দেখা হচ্ছে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের কাছ থেকেও একই ধরনের ব্যক্তিগত অভ্যর্থনা পেয়েছিলেন শি। এবার সেই সৌজন্যের প্রতিদান দিলেন চীনা প্রেসিডেন্ট।
দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি রাষ্ট্রপ্রধানকে বিমানবন্দরে স্বাগত জানাতে চীনের শীর্ষ নেতার সরাসরি উপস্থিত হওয়ার নজির প্রায় সাত দশক পর দেখা গেল। ১৯৫৯ সালে তৎকালীন চীনা নেতা মাও সেতুং সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন।
শি ট্রাম্পকে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে তিনি আগ্রহী। দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এদিকে ট্রাম্পের চীন সফরের আগে বুধবারই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরে এটি দুই নেতার পঞ্চম বৈঠক। তাঁদের আলোচনায় চীন-রাশিয়া সম্পর্ক, জ্বালানি, অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন বিষয় উঠে এসেছে।
বুধবার এপেক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে আরোপিত নিষেধাজ্ঞা মস্কোর অর্থনৈতিক অগ্রযাত্রা থামাতে পারেনি বলে দাবি করেন তিনি। তাঁর মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বিভক্তির বদলে ঐক্য এবং চূড়ান্ত নির্দেশের বদলে সংলাপ প্রয়োজন।
বৃহস্পতিবার শি, ট্রাম্প ও পুতিনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগও রয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তিন পরাশক্তির নেতারা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন কি না, যা ইউক্রেন ও ইউরোপের অংশগ্রহণ ছাড়াই তাদের ওপর প্রভাব ফেলবে—তা নিয়ে আলোচনা চলছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ও গুরুত্ব পেতে পারে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণসংক্রান্ত একটি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
চীন দীর্ঘদিন ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে আগে নিজেদের বিশাল পারমাণবিক অস্ত্রের মজুত কমাতে হবে। এরপরই তুলনামূলক ছোট পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে আলোচনায় বসতে পারে বেইজিং।
ট্রাম্পের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বিশেষ করে উন্নত এআই চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ এবং বিরল খনিজ রপ্তানিতে চীনের নিয়ন্ত্রণ দুই দেশের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে শেনজেনে তিন নেতার সম্ভাব্য বৈঠক শুধু যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার সম্পর্কের জন্য নয়, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক নিরাপত্তার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।