যুক্তরাষ্ট্রের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে আবারও এসএটি (SAT) পরীক্ষার গুরুত্ব বাড়ছে। আইভি লিগের আটটি বিশ্ববিদ্যালয়সহ স্ট্যানফোর্ড, এমআইটি ও ক্যালটেকের মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভর্তি প্রক্রিয়ায় পরীক্ষার নম্বর বাধ্যতামূলক করেছে বা তা ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে। এবার একই পথে হাঁটবে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউসি) ব্যবস্থায়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির রিজেন্টস বোর্ডের বৈঠকে এসএটি ফিরিয়ে আনার পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরেন দুই বিশেষজ্ঞ। মূল প্রশ্ন ছিল, উচ্চবিদ্যালয়ের ফলাফলের বাইরে এসএটি পরীক্ষার নম্বর শিক্ষার্থীদের সম্পর্কে নতুন কী তথ্য দিতে পারে।
বিশ্ববিদ্যালয়টির প্রায় ২০ হাজার শিক্ষকের মধ্যে ৩ হাজারের বেশি ইতিমধ্যে এসএটি ফিরিয়ে আনার দাবিতে খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। তাঁদের অনেকের আশঙ্কা, পর্যাপ্ত গণিত দক্ষতা ছাড়াই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হচ্ছে। গত পাঁচ বছরে প্রাথমিক গণিতের কোর্সগুলোতে শিক্ষার্থীদের গড় নম্বর কমেছে। তবে একই সময়ে প্রথম বর্ষ শেষে শিক্ষার্থী ধরে রাখার হার এবং চার বছরে স্নাতক সম্পন্ন করার হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ জন ফ্রিডম্যান ১২টি নামী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তথ্য তুলে ধরে বলেন, এসএটিতে ১ হাজার ৬০০ নম্বর পাওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের জিপিএ ১ হাজার ২০০ নম্বর পাওয়া শিক্ষার্থীদের তুলনায় গড়ে ০.৪৩ পয়েন্ট বেশি। জাতি, লিঙ্গ ও পারিবারিক আয়ের পার্থক্য বিবেচনায় নিয়েও এই ব্যবধান দেখা গেছে।
তবে ইউসি বার্কলের অর্থনীতিবিদ জেসি রথস্টেইনের বক্তব্য ভিন্ন। তাঁর মতে, এসএটি কিছু অতিরিক্ত তথ্য দিলেও পরীক্ষাটি শিক্ষার্থীর পারিবারিক ও আর্থসামাজিক অবস্থার প্রতিফলন ঘটায়। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়লে তাকে বাদ দেওয়ার পরিবর্তে সফল হতে সহায়তা করা উচিত।
বৈঠকে শিক্ষার্থীরাও এসএটি ফিরিয়ে আনার বিরোধিতা করেন। তাঁদের আশঙ্কা, পরীক্ষার প্রস্তুতির খরচ নিম্ন আয়ের পরিবার ও সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বাড়তি বাধা তৈরি করবে। ইউসি বার্কলের শিক্ষার্থী কিকি হুইটম্যান বলেন, পরীক্ষার প্রস্তুতির জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করতে গিয়ে অনেক পরিবারকে শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজনের মধ্যে একটি বেছে নিতে হতে পারে।
অন্যদিকে এসএটি ফিরিয়ে আনার পক্ষে থাকা বিশেষজ্ঞদের যুক্তি, পরীক্ষার নম্বরের মাধ্যমে এমন মেধাবী শিক্ষার্থীদেরও চিহ্নিত করা সম্ভব, যারা আর্থিক বা পারিবারিক সীমাবদ্ধতার কারণে উচ্চবিদ্যালয়ের ফলাফলে নিজেদের পুরো সক্ষমতা তুলে ধরতে পারেনি।
এদিকে ইউসি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ শেষে শিক্ষার্থী ধরে রাখার হার বেড়ে ৯৩ শতাংশে পৌঁছেছে। চার বছরের মধ্যে স্নাতক সম্পন্ন করার হারও রেকর্ড ৭৪ শতাংশ। তবে প্রাথমিক গণিতের কোর্সগুলোতে নম্বর কমার বিষয়টি উদ্বেগ তৈরি করেছে।
গবেষণায় দেখা গেছে, ক্যালিফোর্নিয়ার সরকারি উচ্চবিদ্যালয় থেকে আসা ইউসির নতুন শিক্ষার্থীদের মধ্যে প্রি-ক্যালকুলাস বা ক্যালকুলাস পড়ার হার ২০১৭ সালে ছিল ৯৫ শতাংশ। ২০২৪ সালে তা কমে ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। এই পতন করোনাভাইরাস মহামারির আগেই শুরু হয়েছিল।
উল্লেখ্য, ২০২০ সালে মহামারির সময় এবং পরীক্ষার নম্বরের সঙ্গে জাতিগত পরিচয় ও পারিবারিক আয়ের সম্পর্ক নিয়ে উদ্বেগের কারণে ইউসি ভর্তি প্রক্রিয়া থেকে এসএটি ও সমমানের অ্যাক্ট পরীক্ষা বাদ দেয়। বর্তমানে শিক্ষার্থীরা আবেদন জমা দেওয়ার পর পরীক্ষার নম্বর পাঠাতে পারলেও ভর্তি সিদ্ধান্তে তা বিবেচনা করা হয় না। তবে কোর্স নির্ধারণে নম্বর ব্যবহার করা যায়।
ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থীদের মধ্যে অবশ্য এসএটি দেওয়ার প্রবণতা আবার বাড়ছে। ২০২৬ সালের উচ্চবিদ্যালয় সমাপনী ব্যাচের ১ লাখ ৩৮ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী পরীক্ষাটি দিয়েছে, যা আগের বছরের তুলনায় ১২ দশমিক ৬ শতাংশ বেশি।
কলেজ বোর্ড জানিয়েছে, ইউসি পরীক্ষাটি ফিরিয়ে আনলে ক্যালিফোর্নিয়ার প্রতিটি উচ্চবিদ্যালয়ে দুই বছর বিনা খরচে এসএটি দেওয়ার সুযোগ দিতে তারা প্রস্তুত। এই সুবিধা ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকেই চালু করা সম্ভব।
তবে ইউসির বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর এবং আগামী শরতে যাঁরা ভর্তির আবেদন করবেন, তাঁদের এসএটি নম্বর জমা দিতে হবে না। ২০২৮ সালের শরৎকালীন ভর্তি প্রক্রিয়ায় পরীক্ষাটি আবার বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।