মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে মেক্সিকো উপসাগরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বুধবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ছয় আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই ছেলে শিশু রয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল সেসনা ২১০ মডেলের। এটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাত্রা করেছিল।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল এলাকার বিমান নিয়ন্ত্রণকেন্দ্র বিমানটির সঙ্গে যোগাযোগ হারানোর খবর জানায়। এর পরপরই উপকূলীয় এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়।
বিমানটি মিসিসিপির পাস্কাগোলা ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল হর্ন আইল্যান্ডের প্রায় দুই মাইল উত্তর-পূর্বে অবস্থিত।
উদ্ধারকর্মীরা প্রথমে পানিতে ভাসমান বিমানের কেবিন, তিনটি লাইফ জ্যাকেট এবং একটি লাইফ র্যাফটের সন্ধান পান। তবে তখন পর্যন্ত ছয় আরোহীর কাউকেই খুঁজে পাওয়া যায়নি।
প্রায় চার ঘণ্টার তল্লাশির পর মিসিসিপি ডিপার্টমেন্ট অব মেরিন রিসোর্সেসের ডুবুরিরা বিমানের মূল কাঠামোর ভেতর ছয়জনের মরদেহ খুঁজে পান। এরপর উদ্ধার অভিযান শেষ করা হয়।
কোস্ট গার্ডের মোবাইল এলাকার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের সমন্বয়ক কমান্ডার ট্রেভর ব্লাউন্ট এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। উদ্ধার অভিযানে বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।
বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।