গোপন তথ্যসূত্রের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্রের প্রবীণ অনুসন্ধানী সাংবাদিক ক্যাথরিন হেরিজের কারাবাসের ঝুঁকি তৈরি হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে প্রতিদিন ৮০০ ডলার জরিমানার আদেশ রয়েছে। বিষয়টি নিয়ে এবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। মামলাটি সাংবাদিকতার স্বাধীনতা এবং গোপন তথ্যসূত্রের সুরক্ষা নিয়ে দেশজুড়ে নতুন বিতর্ক তৈরি করেছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে লস এঞ্জেলেস টাইমস জানিয়েছে, ২০১৭ সালে ফক্স নিউজের হয়ে কাজ করার সময় চীনা বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ইয়ানপিং চেনকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন হেরিজ। ওই প্রতিবেদনে চেনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত এবং তাকে অভিযুক্ত না করার বিষয়ে মার্কিন সরকারের অভ্যন্তরীণ মতপার্থক্যের তথ্য উঠে এসেছিল।
ভার্জিনিয়ায় ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেনের বিরুদ্ধে ২০১০ সালে এফবিআই তদন্ত শুরু করে। অভিবাসনসংক্রান্ত নথিতে দেওয়া তথ্য এবং চীনের মহাকাশ কর্মসূচির সঙ্গে তার কাজের সম্পর্ক নিয়ে তদন্ত করা হয়েছিল। পাশাপাশি তার প্রতিষ্ঠানের মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীর তথ্য চীনা সরকারের কাছে সরবরাহ করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হয়। তবে ছয় বছর তদন্তের পরও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
২০১৮ সালে চেন এফবিআই ও প্রতিরক্ষা বিভাগের বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ, সরকারি সংস্থার অভ্যন্তরীণ নথি ও ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে ফাঁস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রাইভেসি অ্যাক্ট অনুযায়ী, কোনো ব্যক্তির সম্মতি ছাড়া সরকারি সংস্থার অভ্যন্তরীণ নথি প্রকাশের ওপর সাধারণত বিধিনিষেধ রয়েছে।
তথ্য ফাঁসের উৎস শনাক্ত করতে না পেরে চেনের আইনজীবীরা ২০২২ সালে হেরিজ ও ফক্স নিউজকে আদালতে তথ্য দেওয়ার নির্দেশ চেয়ে আবেদন করেন। কিন্তু হেরিজ ও সংবাদমাধ্যমটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে সাংবাদিকতার স্বাধীনতা এবং তথ্যসূত্রের গোপনীয়তার যুক্তিতে সেই নির্দেশ বাতিলের আবেদন জানায়।
২০২৩ সালে ওয়াশিংটন ডিসির ফেডারেল জেলা আদালতের বিচারক ক্রিস্টোফার আর. কুপার জানান, তথ্য ফাঁসের উৎস শনাক্ত করতে চেনের আইনজীবীরা অন্য সব যুক্তিসংগত উপায় ব্যবহার করেছেন। তাই হেরিজকে তার তথ্যসূত্রের পরিচয় প্রকাশ করতে হবে। কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানান।
এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আদালত তাকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে প্রতিদিন ৮০০ ডলার জরিমানার নির্দেশ দেয়। আপিলের সুযোগ দিতে জরিমানা আদায় সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে আপিল আদালত নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখে এবং পূর্ণাঙ্গ আদালতেও পুনর্বিচারের আবেদন গ্রহণ করা হয়নি।
এখন সুপ্রিম কোর্টের কাছে মামলাটি শুনানির আবেদন করেছেন হেরিজ। আদালত তার আবেদন গ্রহণ করবে কি না, সে সিদ্ধান্ত ডিসেম্বরের শুরুতেই আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্ট যদি আবেদনটি গ্রহণ না করে, তাহলে প্রতিদিন ৮০০ ডলার জরিমানার মুখে পড়তে পারেন তিনি। আদালতের আদেশ অমান্য অব্যাহত থাকলে কারাবাসের ঝুঁকিও রয়েছে।
হেরিজ বলেন, তথ্যসূত্রের পরিচয় প্রকাশ করলে অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। তার আশঙ্কা, আদালতের সিদ্ধান্ত বহাল থাকলে ভবিষ্যতে সরকারি অনিয়ম বা গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করতে আগ্রহী ব্যক্তিরা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে ভয় পাবেন।
তিনি বলেন, তার নিজের আর্থিক ক্ষতির চেয়েও বেশি উদ্বেগ পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের নিয়ে। গোপনীয়তার প্রতিশ্রুতি রক্ষা করা না গেলে ওয়াশিংটনে অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।
রিপোর্টার্স কমিটি ফর ফ্রিডম অব দ্য প্রেসের নীতিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট গ্যাবে রটম্যানের মতে, মামলাটির প্রভাব সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর ব্যাপক হতে পারে। যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের গোপন তথ্যসূত্র সুরক্ষায় এখনো কোনো কার্যকর ফেডারেল আইন নেই। ১৯৭০-এর দশক থেকে এ ধরনের আইন প্রণয়নের চেষ্টা চললেও তা বাস্তবায়িত হয়নি।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যে সাংবাদিকদের তথ্যসূত্রের পরিচয় গোপন রাখার জন্য নিজস্ব আইন রয়েছে। তবে এসব আইনের সুরক্ষা একেক জায়গায় একেক রকম। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের জন্য এ ধরনের সুরক্ষা তুলনামূলক দুর্বল বলে মনে করেন হেরিজ।
তার পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করেছে সাংবাদিকদের সংগঠন এসএজি-এএফটিআরএ, রিপোর্টার্স কমিটি ফর ফ্রিডম অব দ্য প্রেস এবং রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ। ফক্স নিউজও তার আইনি লড়াইয়ের খরচ বহন করছে।
এসএজি-এএফটিআরএর আবেদনে বলা হয়েছে, আদালতের সিদ্ধান্তে অনুসন্ধানী সাংবাদিকতার দীর্ঘমেয়াদি প্রভাব যথাযথভাবে বিবেচনা করা হয়নি। বিশেষ করে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত প্রতিবেদন তৈরিতে গোপন তথ্যসূত্রের গুরুত্ব উপেক্ষা করা হয়েছে।
হেরিজ ২০১৯ সালে ফক্স নিউজ ছেড়ে সিবিএসে যোগ দিয়েছিলেন। পরে কর্মী ছাঁটাইয়ের এক পর্যায়ে সেখান থেকেও বিদায় নেন। বর্তমানে তিনি স্বাধীন সাংবাদিক হিসেবে কাজ করছেন।
সাংবাদিকদের তথ্যসূত্র প্রকাশে বাধ্য করার বিষয়ে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়েও বিতর্ক তৈরি হয়েছে। চলতি বছরের জুলাইয়ে কাতারের দেওয়া একটি বিমানকে নতুন এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের পরিকল্পনা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর নিউইয়র্ক টাইমসের কয়েকজন সাংবাদিকের কাছে তথ্য চেয়ে সমন জারি করেছিল বিচার বিভাগ। পরে এক ফেডারেল বিচারকের কঠোর সমালোচনার পর সেই সমন প্রত্যাহার করা হয়।
হেরিজের মামলার রায় তাই শুধু একজন সাংবাদিকের ভবিষ্যৎ নয়, যুক্তরাষ্ট্রে গোপন তথ্যসূত্রের সুরক্ষা এবং অনুসন্ধানী সাংবাদিকতার স্বাধীনতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।