আমেরিকা

বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে চালানো তদন্তের ফলাফল প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তদন্তের ভিত্তিতে এসব দেশের বিভিন্ন পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা করছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। এর ফলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকে আরোপ করা শুল্কের সঙ্গে আরও শুল্ক যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গত মার্চ থেকে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তের আওতায় রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন। তদন্তে মূলত দেখা হচ্ছে, সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি নীতি, পদক্ষেপ কিংবা উৎপাদনব্যবস্থা যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ক্ষেত্রে অযৌক্তিক বা বৈষম্যমূলক কি না। এসব কারণে মার্কিন বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখছে ইউএসটিআর। বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তদন্তের আওতায় এসেছে বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়া শিল্প। এসব বিষয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার শুনানিও করেছে মার্কিন কর্তৃপক্ষ। বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক রয়েছে। গত জুলাইয়ে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে বাংলাদেশি পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। ফলে বর্তমানে মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ শতাংশে। নতুন করে কোনো শুল্ক আরোপ করা হলে তা বিদ্যমান হারের সঙ্গে যুক্ত হবে। এ বিষয়ে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁর মতে, সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক বাতিল করার পর ট্রাম্প প্রশাসন বিভিন্ন যুক্তিতে নতুন করে বাড়তি শুল্ক আরোপের উদ্যোগ নিচ্ছে। এ ধরনের পদক্ষেপ মুক্তবাজার অর্থনীতির নীতির সঙ্গে সাংঘর্ষিক। মোস্তাফিজুর রহমান ব্যাখ্যা করেন, কোনো কারখানার মালিক রপ্তানির চাহিদা বিবেচনা করেই উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করেন। পরবর্তী সময়ে চাহিদা কমে গেলে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা থেকে যেতে পারে। তাই অর্থনীতির বৈজ্ঞানিক ভিত্তি ও আন্তর্জাতিক বাণিজ্যনীতির বিবেচনায় এ ধরনের শুল্ক আরোপ অযৌক্তিক। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করলে দেশটির আমদানিকারকেরা সেই খরচ বাংলাদেশি রপ্তানিকারকদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। রয়টার্সের প্রতিবেদনে নতুন শুল্কের সম্ভাব্য হার রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া শুল্কের একটি অংশের বিকল্প হিসেবে নতুন এই শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের আগের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দামও বেড়েছে। নতুন শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন রয়টার্সকে জানিয়েছেন, প্রতিটি দেশের জন্য পৃথকভাবে শুল্কহার নির্ধারণ করা হতে পারে। তাৎক্ষণিকভাবে মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের আশঙ্কা তুলনামূলক কম। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদারদের অধিকাংশের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইউএসটিআর। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার প্রমাণ পাওয়ার দাবি তুলে এ তদন্ত শুরু করা হয়। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত হওয়া বাণিজ্যচুক্তিতে শুল্কের যে সর্বোচ্চ হার নির্ধারিত হয়েছে, হোয়াইট হাউস তা অনুসরণ করতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তির ভাষ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ক্ষেত্রে শুল্কের সর্বোচ্চ হার হতে পারে ১৫ শতাংশ। মালয়েশিয়ার পণ্যের ক্ষেত্রে এই হার ১৯ শতাংশ। অন্যদিকে, চীনের পণ্যের ওপর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক বহাল রাখতে পারে যুক্তরাষ্ট্র। নতুন শুল্ক আরোপের বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ও হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং আইন প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার রায়ান মাজেরাসের ধারণা, যেসব দেশের বিভিন্ন শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। এই নতুন শুল্কের সঙ্গে আগে থেকে আরোপ করা ১০ শতাংশ অথবা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কও যুক্ত হতে পারে। জোরপূর্বক শ্রম ব্যবহারবিরোধী আইন যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে পৃথক তদন্তের ভিত্তিতে এসব শুল্ক আরোপ করা হয়েছে। তবে মাজেরাসের মতে, যুক্তরাষ্ট্র চাইলে তুলনামূলক কম হারে শুল্ক আরোপের প্রস্তাবও দিতে পারে। গত মার্চে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরুর পাশাপাশি ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন কার্যকরে দুর্বলতা বা শিথিলতা রয়েছে কি না, তা নিয়েও পৃথক তদন্ত শুরু করে ইউএসটিআর। দুটি তদন্তের ফলাফলের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন তাদের ‘লিবারেশন ডে’ নামে পরিচিত বৈশ্বিক আমদানি শুল্কব্যবস্থা পুনর্গঠন করতে চায়। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই শুল্কব্যবস্থা বাতিল করে দেন। ট্রাম্প প্রশাসন অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার সবচেয়ে বড় উৎস হিসেবে চীনকে চিহ্নিত করেছে। ওয়াশিংটনের অভিযোগ, ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি ও সৌরবিদ্যুৎ পণ্যসহ বিভিন্ন পণ্য দিয়ে বৈশ্বিক বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি করছে চীন। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির বক্তব্য, তাদের রপ্তানি সক্ষমতা মূলত আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সামর্থ্যের প্রতিফলন।