বাংলাদেশ

ন্যায়বিচার প্রাপ্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার: সাবেক উপমন্ত্রীর

সাবেক উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন ও বিচার বিভাগকে স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী সংসদ ও প্রশাসন একটি দেশের উন্নয়নে ভূমিকা রাখে। ন্যায়বিচার প্রাপ্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার।   মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা মামলাজট কমিয়ে আনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বলেছিলেন, বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমরা এমন অবস্থা চাই না। মানুষ যেন ন্যায্য বিচার পায় এবং ন্যায্য বিচার যেন অতি দ্রুত পায়, সেই ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে আইনের শাসন ধ্বংস করার জন্য দেশে ও দেশের বাইরে সম্মিলিত যে চেষ্টা হয়েছিল সে চেষ্টার বিপরীতে প্রত্যয়দীপ্ত সাহসী ভূমিকা রেখে বঙ্গবন্ধু কন্যা আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। আজ সংবিধানের বিধি-বিধানের আলোকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তিনি বলেন, দেশের সর্বোচ্চ আইন সংবিধান। সংবিধান এবং আইনের শাসন অঙ্গাঙ্গিভাবে জড়িত। আইনের শাসনের পূর্বশর্ত হচ্ছে আইন অনুযায়ী সবকিছু হবে। সে আইন, যে আইন সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ, সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়। আইনের শাসনের কথা বলতে গেলে সাংবিধানিক বিধি-বিধানের বাইরে যাওয়ার কোন অবকাশ নেই। আইনের শাসনে বিশ্বাসী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধান দিয়েছেন। পরবর্তীতে সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

জেলা আইনজীবী সমিতির সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। শপথ বাক্য পাঠ করান, সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার। আরও বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন। এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট হানিফ মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস