ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন আট চীনা শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজন বুধবার চীনে ফিরে গেছেন। বাকি ছয়জনের আগামী ১৩ নভেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার। সন্ধ্যায় তিনি বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাঁদের মতামত জানতে চান।
জানা গেছে, আট চীনা শিক্ষার্থী একটি এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বল্পমেয়াদি কোর্স করতে এসেছিলেন। নভেম্বরের শেষ দিকে পরীক্ষা দিয়ে তাঁদের কোর্স শেষ করার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকেরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। এ পরিস্থিতিতে কোর্স শেষ হওয়ার আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা।
দেশে ফিরে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
অধ্যাপক এম এ কাউসার জানান, নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে শিক্ষার্থীদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তৈরি হওয়া উদ্বেগ ও আতঙ্কের কারণে তাঁরা আগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুজন ইতিমধ্যে ঢাকা ছেড়েছেন। অন্য ছয়জনও বিমানের টিকিট নিশ্চিত করেছেন।
হলের অন্য বিদেশি শিক্ষার্থীদের সঙ্গেও বৈঠক করেছেন প্রাধ্যক্ষ। তাঁরা জানিয়েছেন, ক্যাম্পাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দেশে ফিরে যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে হল প্রশাসনকে জানাবেন।
প্রাধ্যক্ষ আরও জানান, ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ওই আট শিক্ষার্থীর মধ্যে দুজন খুব কাছ থেকে দেখেছিলেন। ঘটনার পর থেকেই তাঁদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। এর প্রভাবেই আগেভাগে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সামনে আসে।
গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ব্যবসায় শিক্ষা অনুষদসহ (এফবিএস) ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়িয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।