১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ বন্ধে বাধ্যতামূলক অন্তর্বর্তীকালীন গাইডলাইন তৈরি ও জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের প্রভাব মূল্যায়নে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
রোববার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি এসব নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগবিশেষজ্ঞ ও আইনবিদদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠন করতে হবে। কমিটিকে অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদমের মাধ্যমে নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়ন করতে হবে।
১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের জন্য জাতীয় নীতিমালা তৈরিতে ব্যর্থতার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর চলতি মাসের শুরুতে জনস্বার্থে রিটটি করেন। রিটে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ নিয়ন্ত্রণে জাতীয় নীতিমালা প্রণয়নের ব্যর্থতার বিষয়টি তুলে ধরা হয়। আদালতে আবেদনের পক্ষে নিজেই শুনানি করেন তিনি।
আদালতের আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী ফয়সাল দস্তগীর প্রথম আলোকে বলেন, দেশে এ বিষয়ে কোনো নীতিমালা না থাকায় ১৬ বছরের নিচের শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তাদের মানসিক বিকাশ ও উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অনেকের দৃষ্টিশক্তিসহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে বলে একটি গবেষণায় উঠে এসেছে।
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ বিশ্বের কয়েকটি দেশে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জনস্বার্থে রিটটি করা হয়েছে।
আইনজীবী ফয়সাল দস্তগীর জানান, রুলে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন এবং ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের জন্য জাতীয় নীতিমালা প্রণয়নে ব্যর্থতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।