ছয় লাখ টাকার বিনিময়ে সার্বিয়া পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে পাসপোর্ট ও টাকা সংগ্রহ করত একটি প্রতারক চক্র। বিশ্বাস অর্জনের জন্য দেওয়া হতো ভিসাও। তবে সেগুলো ছিল জাল। বিমানবন্দরে অভিবাসন পুলিশের যাচাইয়ের সময় ধরা পড়ত প্রতারণা। এর আগেই ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নিয়ে নিত চক্রটি।
এ ঘটনায় চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত আবদুল মাবুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন এলাকার ১৭টি পাসপোর্ট এবং সার্বিয়ার পাঁচ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে। আবদুল মাবুদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের একটি হোটেল থেকে মাবুদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মানুষের ১৭টি পাসপোর্ট পাওয়া গেছে। সার্বিয়া যাওয়ার আশায় এসব ব্যক্তি প্রতারক চক্রের কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, মাবুদের কাছ থেকে সার্বিয়ার পাঁচ হাজার ভিসাও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সেগুলো জাল বলে শনাক্ত করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে মাবুদ জানিয়েছেন, ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর কথা বলে তাঁরা আগ্রহীদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করতেন। এরপর আস্থা অর্জনের জন্য তাঁদের হাতে ভিসা তুলে দেওয়া হতো। তবে তার আগেই পুরো টাকা নিয়ে নেওয়া হতো।
ওসি জাহেদুল কবির বলেন, জাল ভিসা নিয়ে কেউ বিমানবন্দরে গেলে অভিবাসন পুলিশের যাচাইয়ে বিষয়টি ধরা পড়ত। তখন চক্রের সদস্যরা ভুক্তভোগীদের অন্য কোনো সমস্যা থাকার কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেন। এভাবে কয়েকজন বিমানবন্দর থেকে ফিরে এসেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মাবুদ।
প্রতারণার শিকার ব্যক্তিদের একজন মো. সাইফুল। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ সদর এলাকায়। রোববার দুপুরে প্রথম আলোকে তিনি জানান, তাঁদের এলাকার মামুন শেখের মাধ্যমে সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট দিয়েছিলেন। সোমবার তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে নিজের পাসপোর্টসহ চক্রের একজন সদস্য গ্রেপ্তার হওয়ার খবর তখনো তিনি জানতেন না।
সাইফুল আরও জানান, তাঁর জানা মতে, তাঁদের এলাকার মো. হাসানসহ আরও অনেকে সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট ও টাকা দিয়েছেন।
পরে মামুন শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ঢাকার একটি এজেন্সির মাধ্যমে নিজের চার আত্মীয়কে সার্বিয়া পাঠানোর জন্য তিনি নয় লাখ টাকা দিয়েছেন। আবদুল মাবুদের গ্রেপ্তারের বিষয়ে তিনি কিছু জানতেন না।
ওসি জাহেদুল কবিরের ভাষ্য, এ চক্রের সদস্যরা ঢাকা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছেন। সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে কম খরচে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁরা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন।
চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।