বিনোদন

কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

কিংবদন্তি মার্কিন পোশাক ও কস্টিউম ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন। চের, টিনা টার্নার, ডলি পার্টন ও এলটন জনের মতো তারকাদের জন্য ঝলমলে ও ব্যতিক্রমী পোশাক তৈরি করে খ্যাতি পাওয়া এই ডিজাইনারের বয়স হয়েছিল ৮৭ বছর। ‘সিকুইনের সুলতান’ নামে পরিচিত ম্যাকি তার দীর্ঘ ক্যারিয়ারে একটি টনি অ্যাওয়ার্ড ও নয়টি এমি অ্যাওয়ার্ড জিতেছেন। এ ছাড়া অস্কারের জন্য তিনবার মনোনয়ন পেয়েছিলেন তিনি। সোমবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর জানানো হয়। এতে বলা হয়, বব ম্যাকি ৮৭ বছর বয়সে মারা গেছেন। ফ্যাশন ও কস্টিউম ডিজাইনার হওয়াই ছিল তার স্বপ্ন এবং জীবনের শেষ পর্যন্ত তিনি সেই স্বপ্ন পূরণ করে গেছেন। তার অসাধারণ প্রতিভা ও নকশা ভবিষ্যতেও মানুষের সৌন্দর্যবোধকে সমৃদ্ধ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। চেরের ক্যারিয়ারে বিশেষ প্রভাব ছিল ম্যাকির। ১৯৮৬ সালের অস্কার অনুষ্ঠানের জন্য চেরের বিখ্যাত মোহক পোশাকটি তিনিই তৈরি করেছিলেন। ওই পোশাকে ছিল পালকে সাজানো বিশাল মাথার অলংকার এবং শরীরের মাঝের অংশ খোলা ছিল। সে সময় পোশাকটি এতটাই সাহসী ও ব্যতিক্রমী ছিল যে পরে এটি চেরের ‘প্রতিশোধের পোশাক’ হিসেবে পরিচিতি পায়। ওই বছর ‘মাস্ক’ সিনেমার জন্য অস্কারে মনোনয়ন না পাওয়ার পর চের ইচ্ছাকৃতভাবেই এমন পোশাক পরেছিলেন বলে পরে জানিয়েছিলেন। অস্কারের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও আড়ম্বরপূর্ণ পোশাকগুলোর একটি হয়ে ওঠে ম্যাকির তৈরি সেই পোশাক। এলটন জনের জন্যও বেশ কিছু স্মরণীয় পোশাক তৈরি করেছিলেন ম্যাকি। এর মধ্যে ১৯৭৫ সালে লস অ্যাঞ্জেলেসের ডজার স্টেডিয়ামে পরিবেশনার সময় পরা তার ঝলমলে ডজার্স বেসবল পোশাকটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এলটন জন বলেছিলেন, ম্যাকির তৈরি পোশাক পরলেই তিনি নিজেকে বিশেষ মনে করতেন। তার তৈরি পোশাকগুলো ছিল শিল্পকর্মের মতো। গায়িকা পিঙ্কও ম্যাকির তৈরি অনেক পোশাক পরেছেন। ২০০৯ সালের ‘ফানহাউস’ ট্যুরে পরা কয়েকটি পোশাকের ছবি শেয়ার করে তিনি ম্যাকিকে ভালোবাসাপূর্ণ, দারুণ রসবোধসম্পন্ন এবং অসাধারণ প্রতিভাবান ব্যক্তি হিসেবে স্মরণ করেন। মৃত্যুর আগ পর্যন্তও কাজ করে গেছেন ম্যাকি। গত বছর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সাবরিনা কার্পেন্টার তার ডিজাইন করা একটি পোশাক পরেছিলেন। ২০২৪ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে মাইলি সাইরাসের পরিবেশনার সময় পরা ঝলমলে পোশাকটিও ম্যাকির নকশা করা ছিল। ১৯৩৯ সালে ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্কে জন্ম নেন রবার্ট গর্ডন ম্যাকি। ফরাসি-আমেরিকান কস্টিউম ডিজাইনার জ্যাঁ লুইয়ের হয়ে স্কেচ শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ক্যারিয়ারের শুরুর দিকে তার অন্যতম উল্লেখযোগ্য কাজ ছিল ১৯৬২ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনে ‘হ্যাপি বার্থডে মিস্টার প্রেসিডেন্ট’ পরিবেশনের সময় মেরিলিন মনরোর পরা পোশাকের স্কেচ তৈরি করা। ১৯৬০ সালে হলিউডের গায়িকা ও অভিনেত্রী লুলু পোর্টারকে বিয়ে করেছিলেন ম্যাকি। তিন বছর পর তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র ছেলে রবিন পরে ত্রিশের কোঠায় এইডস-সম্পর্কিত অসুস্থতায় মারা যান। ১৯৬৩ সাল থেকে ইরানি ফ্যাশন ডিজাইনার রে আগায়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন ম্যাকি। ২০১১ সালে আগায়ান মারা যান। ২০১৮ সালে ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকি বলেছিলেন, সম্ভবত তিনি হলিউডের সবচেয়ে বয়স্ক জীবিত ডিজাইনার। অবসর নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিল, ‘আশা করি না।’