যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি টিভি তারকা ও প্রসাধনী ব্যবসায়ী কাইলি জেনারের বিরুদ্ধে নতুন মামলা করেছেন তাঁর সাবেক এক গৃহকর্মী। ডিনোরা ক্যারোলিনা ক্যাব্রিয়া আমায়া নামের ওই কর্মীর অভিযোগ, জেনারের বাড়িতে কাজ করার সময় তিনি পেপার স্প্রের সংস্পর্শে এসে চোখ ও মুখে আঘাত পান, জেনারের একটি কুকুরের কামড়ে আহত হন এবং একবার এক ঘণ্টার বেশি সময় ধরে একটি আলমারির ভেতরে আটকে ছিলেন। এসব ঘটনার পরও যথাযথ সহায়তা পাননি বলে দাবি করেছেন তিনি।
গত ৫ নভেম্বর লস এঞ্জেলেস সুপিরিয়র কোর্টে মামলাটি দায়ের করা হয়। এতে কাইলি জেনার, তাঁর প্রতিষ্ঠান এবং কর্মীদের দুই তত্ত্বাবধায়কের বিরুদ্ধে কর্মক্ষেত্রে বৈষম্য, প্রতিশোধমূলক আচরণ, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, আমায়া ২০২৫ সালের মার্চে জেনারের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। তিনি জেনারের ক্যালিফোর্নিয়ার একাধিক বাসায় দায়িত্ব পালন করতেন। তাঁর দাবি, গত বছরের ৪ সেপ্টেম্বর জেনারের লন্ড্রি রুমে একটি ড্রয়ার পরিষ্কার করার সময় সেখানে রাখা নিরাপত্তাহীন পেপার স্প্রে ক্যানিস্টার থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে সরাসরি তাঁর চোখ ও মুখে লাগে। এতে তাঁর চোখে তীব্র জ্বালাপোড়া এবং দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দেয়।
তিনি অভিযোগ করেন, এরপর দীর্ঘ সময় ধরে চোখে ঝাপসা দেখা, জ্বালাপোড়া, চুলকানি ও শুষ্কতার মতো সমস্যা চলতে থাকে। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও প্রয়োজনীয় চিকিৎসা বা কাজের ক্ষেত্রে পর্যাপ্ত সহযোগিতা পাননি।
মামলায় আরও বলা হয়েছে, একদিন জেনারের পোশাক রাখার ঘরে প্রবেশের জন্য তাঁকে পাসকোড দেওয়া হয়েছিল। কিন্তু ভেতরে ঢোকার পর তিনি আটকে যান। বের হতে না পেরে তত্ত্বাবধায়ককে ফোন করে সাহায্য চান। তাঁর অভিযোগ, ওই তত্ত্বাবধায়ক তাঁকে নিয়ে হাসাহাসি করেন এবং পাসকোড দিতে অস্বীকৃতি জানান। ফলে আতঙ্কিত অবস্থায় এক ঘণ্টারও বেশি সময় তাঁকে সেখানে থাকতে হয়।
আরেকটি ঘটনায়, ২০২৫ সালের ২৮ অক্টোবর তাঁকে জেনারের কুকুরের ঘর পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়। এ সময় কুকুরটি তাঁকে কামড় দেয় বলে অভিযোগ করেছেন আমায়া। তাঁর দাবি, ঘটনার পরও কর্তৃপক্ষ কার্যকর কোনো সহায়তা দেয়নি। শেষ পর্যন্ত নিজেই ওষুধ কিনে আঘাতের চিকিৎসা করেন।
আমায়ার অভিযোগ, এসব ঘটনার পর কাজের চাপ আরও বাড়িয়ে দেওয়া হয়। তাঁকে বেশি শারীরিক পরিশ্রমের কাজ দেওয়া, সময়সূচি পরিবর্তন এবং কর্মস্থল বদলের মতো পদক্ষেপ নেওয়া হয়। তাঁর ধারণা, এসবের উদ্দেশ্য ছিল তাঁকে চাকরি ছাড়তে বাধ্য করা। বেতন, অতিরিক্ত কাজের পারিশ্রমিক এবং যাতায়াত খরচ নিয়েও তিনি অভিযোগ তুলেছেন। ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এটি গত সাত মাসে জেনারের বাড়ির সাবেক কর্মীদের করা চতুর্থ মামলা। এর আগে আরও কয়েকজন কর্মী বৈষম্য, হয়রানি, বেতনসংক্রান্ত অনিয়ম ও প্রতিশোধমূলক আচরণের অভিযোগ তুলেছেন।
তবে জেনারের আইনজীবী মাইকেল রোডস এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, একই আইনজীবী একাধিক সাবেক কর্মীর হয়ে মামলা করছেন এবং প্রচারের মাধ্যমে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন। জেনারের পক্ষ থেকে সব অভিযোগের বিরুদ্ধে জোরালো আইনি লড়াইয়ের কথা জানানো হয়েছে।
মামলার অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আমায়া ক্ষতিপূরণ, বকেয়া পারিশ্রমিক এবং চাকরি হারানোর কারণে আর্থিক ক্ষতির প্রতিকার চেয়েছেন।