বিনোদন

আটবার মনোনয়ন পেয়েও অস্কার জেতা হয়নি, অবশেষে সম্মানসূচক পুরস্কার পেলেন গ্লেন ক্লোজ

হলিউডের বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কারের মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কার পেয়েছেন অভিনেত্রী গ্লেন ক্লোজ ও চলচ্চিত্র পরিচালক রিডলি স্কট। রোববার রাতে লস এঞ্জেলেসের হলিউডে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের পাশাপাশি সম্মানিত হয়েছেন অ্যানিমেটর ফ্লয়েড নরম্যান এবং প্রযোজক ক্রিস্টিন ভ্যাশন ও পামেলা কফলার। ৭৯ বছর বয়সী গ্লেন ক্লোজের জন্য এটি বিশেষ এক মুহূর্ত। পাঁচ দশকের বেশি সময়ের অভিনয়জীবনে তিনি আটবার একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছেন, কিন্তু প্রতিযোগিতামূলক বিভাগে কখনো অস্কার জেতেননি। এবারের সম্মানসূচক পুরস্কার তাঁর হাতে প্রথম অস্কার মূর্তি তুলে দিল। অনুষ্ঠানে অভিনেতা জন মালকোভিচের হাত থেকে পুরস্কার নেওয়ার আগে কিছুক্ষণ থেমে অস্কার মূর্তিটির দিকে তাকিয়ে ছিলেন ক্লোজ। এরপর দীর্ঘ করতালির মধ্যে বক্তব্য দেন তিনি। ক্লোজ বলেন, অস্কার জিতবেন কি না, তা নিয়ে তিনি কখনো খুব বেশি চিন্তা করেননি। তাঁর কাছে সবচেয়ে বড় সম্মান ছিল এমন শিল্পীদের সঙ্গে একই জায়গায় থাকতে পারা, যাঁদের কাজ তাঁকে অনুপ্রাণিত করেছে এবং আরও ভালো কাজ করতে উৎসাহ দিয়েছে। ১৯৮৩ সালে ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প’ চলচ্চিত্রের জন্য প্রথম অস্কার মনোনয়ন পান ক্লোজ। পরে ‘দ্য বিগ চিল’, ‘দ্য ন্যাচারাল’, ‘ফ্যাটাল অ্যাট্রাকশন’, ‘ডেঞ্জারাস লিয়াজোঁস’, ‘অ্যালবার্ট নোবস’, ‘দ্য ওয়াইফ’ ও ‘হিলবিলি এলিজি’ চলচ্চিত্রের জন্যও মনোনয়ন পান তিনি। অভিনয়ের জন্য তিনটি এমি, তিনটি টনি ও তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী। ৮৮ বছর বয়সী ব্রিটিশ পরিচালক রিডলি স্কটও পেয়েছেন সম্মানসূচক অস্কার। তবে সাম্প্রতিক একটি ছোট চিকিৎসাপদ্ধতির পর চিকিৎসকদের পরামর্শে ভ্রমণ না করায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। ভিডিও বার্তার মাধ্যমে পুরস্কার গ্রহণ করেন তিনি। তাঁর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। ‘এলিয়েন’, ‘ব্লেড রানার’ ও ‘গ্ল্যাডিয়েটর’-এর মতো চলচ্চিত্র নির্মাণ করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন স্কট। পরিচালক হিসেবে ‘থেলমা অ্যান্ড লুইস’, ‘গ্ল্যাডিয়েটর’ ও ‘ব্ল্যাক হক ডাউন’-এর জন্য অস্কার মনোনয়ন পেয়েছেন তিনি। ‘দ্য মার্শিয়ান’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবেও সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। স্কটের পুরস্কার তুলে দেওয়ার আগে অভিনেতা ম্যাট ডেমন তাঁর সঙ্গে ‘দ্য মার্শিয়ান’ চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি স্কটকে একজন দক্ষ নির্মাতা হিসেবে উল্লেখ করেন। ভিডিও বার্তায় স্কট তাঁর প্রয়াত ভাই টনি স্কটের কথাও স্মরণ করেন। তিনি বলেন, এই সম্মান তিনি তাঁর ভাইয়ের জন্যও গ্রহণ করছেন। টনিও এমন স্বীকৃতি পাওয়ার যোগ্য ছিলেন। এবারের অনুষ্ঠানে ৯১ বছর বয়সী অ্যানিমেটর ফ্লয়েড নরম্যানও সম্মানসূচক অস্কার পেয়েছেন। ১৯৫৬ সালে ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওতে যোগ দিয়ে তিনি প্রতিষ্ঠানটির প্রথম কৃষ্ণাঙ্গ অ্যানিমেটর হন। ‘স্লিপিং বিউটি’, ‘দ্য জঙ্গল বুক’, ‘মেরি পপিনস’, ‘মুলান’, ‘টয় স্টোরি ২’ ও ‘মনস্টার্স ইনকরপোরেটেড’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। অন্যদিকে, স্বাধীন চলচ্চিত্র প্রযোজনায় অবদানের জন্য ক্রিস্টিন ভ্যাশন ও পামেলা কফলার যৌথভাবে পেয়েছেন আরভিং জি. থালবার্গ মেমোরিয়াল অ্যাওয়ার্ড। তাঁরা ১৯৯৫ সালে নিউইয়র্কভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান কিলার ফিল্মস প্রতিষ্ঠা করেন। ‘বয়েজ ডোন্ট ক্রাই’, ‘হেডউইগ অ্যান্ড দ্য অ্যাংরি ইঞ্চ’, ‘ক্যারল’ ও ‘পাস্ট লাইভস’-এর মতো চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। ২০০৯ সাল থেকে গভর্নরস অ্যাওয়ার্ডস মূল অস্কার অনুষ্ঠানের বাইরে আলাদা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান ও বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের পরিচালনা পর্ষদ এই পুরস্কারপ্রাপকদের নির্বাচন করে।