ক্যালিফোর্নিয়ার উপকূলে বিরল সামুদ্রিক কচ্ছপের ছানা জন্মানোর পর দ্বিতীয় দলটিকেও প্রশান্ত মহাসাগরে ছেড়ে দেওয়া হয়েছে। রোববার সকালে হান্টিংটন বিচে ২১টি অলিভ রিডলি প্রজাতির কচ্ছপের ছানা সাগরে ফিরে যায়। এর আগে শনিবার সিল বিচের বাসা থেকে জন্ম নেওয়া ৫৪টি ছানাকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছিল।
হান্টিংটন বিচে গত ১৯ সেপ্টেম্বর একটি অলিভ রিডলি কচ্ছপ ডিম পেড়েছিল। উঁচু জোয়ার ও উত্তাল ঢেউয়ের কারণে ডিমগুলো ঝুঁকিতে পড়ায় সেপ্টেম্বরের শেষ দিকে সেগুলো উদ্ধার করে লং বিচের অ্যাকুয়ারিয়াম অব দ্য প্যাসিফিকে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষ ব্যবস্থায় ডিমগুলো সংরক্ষণ ও পরিচর্যা করা হয়।
অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ জানায়, ছানাগুলো সেখানে ডিম ফুটে বের হওয়ার পর দ্রুত হান্টিংটন বিচে ফিরিয়ে নেওয়া হয়। এরপর ভোরের দিকে সাগরে ছেড়ে দেওয়া হয় তাদের।
এর আগে ১৬ সেপ্টেম্বর সিল বিচে পাড়া ১০৪টি ডিমের মধ্যে ৫৪টি থেকে ছানা জন্মায়। শুক্রবার রাতে ডিম ফুটে বের হওয়ার পর শনিবার ভোরে সেগুলোকে মূল বাসার কাছাকাছি উপকূল থেকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়।
অ্যাকুয়ারিয়ামের ভেটেরিনারি সার্ভিসেস বিভাগের পরিচালক ল্যান্স অ্যাডামস জানিয়েছেন, রোববার পর্যন্ত সিল বিচের বাসার আরও ৫০টি ডিম অ্যাকুয়ারিয়ামের নিয়ন্ত্রিত পরিবেশে ছিল। সেগুলোও আগামী কয়েক দিনের মধ্যে ফুটতে পারে। হান্টিংটন বিচের বাসায় আরও সর্বোচ্চ ৮৭টি ডিম থেকে ছানা জন্মানোর সম্ভাবনা রয়েছে। তবে অবশিষ্ট ডিমের সঠিক সংখ্যা তখনো নিশ্চিত করা যায়নি।
সিল বিচ ও হান্টিংটন বিচের বাসা দুটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সামুদ্রিক কচ্ছপের প্রথম নিশ্চিত প্রাকৃতিক বাসা হিসেবে নথিভুক্ত হয়েছে। সাধারণত অলিভ রিডলি কচ্ছপ প্রশান্ত, ভারত ও আটলান্টিক মহাসাগরের উষ্ণমণ্ডলীয় অঞ্চলে দেখা যায়। মেক্সিকো, নিকারাগুয়া, কোস্টারিকা ও পানামায় এদের বড় প্রজননক্ষেত্র রয়েছে। সেপ্টেম্বরের আগে জানা সবচেয়ে উত্তরের বাসাটি ছিল ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি থেকে প্রায় ৭০০ মাইল দক্ষিণে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া সুরে।
বিশেষজ্ঞদের ধারণা, সাম্প্রতিক সামুদ্রিক তাপপ্রবাহ এবং শক্তিশালী এল নিনোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সমুদ্রের পানি অস্বাভাবিক উষ্ণ হয়ে উঠেছে। পানির তাপমাত্রা কচ্ছপগুলোর স্বাভাবিক প্রজনন এলাকার কাছাকাছি পৌঁছানোয় তারা এত উত্তরে এসে ডিম পেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ১ নভেম্বর ভেনচুরার একটি সৈকতেও অলিভ রিডলি কচ্ছপের আরেকটি বাসা পাওয়া যায়। তবে সেখানে বালুর তাপমাত্রা কম এবং জোয়ারের পানি বাসাটিকে ক্ষতিগ্রস্ত করায় ডিমগুলো থেকে ছানা জন্মানোর সম্ভাবনা নষ্ট হয়ে যায়।
প্রাকৃতিক পরিবেশে অলিভ রিডলি কচ্ছপের ডিম থেকে ছানা জন্মানোর হার ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। কিন্তু জন্মের পর তাদের টিকে থাকা কঠিন। যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ মাত্র ১ শতাংশ ছানা পূর্ণবয়স্ক কচ্ছপ হতে পারে।