কানাডার উপকূলে বিপন্ন প্রজাতির উত্তর আটলান্টিক রাইট তিমির একটি নতুন শাবকের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। কয়েক মাস ধরে গবেষকদের নজর এড়িয়ে থাকা শাবকটির খোঁজ পাওয়ায় আনন্দিত তাঁরা। এই আবিষ্কারের ফলে চলতি প্রজনন মৌসুমে জন্ম নেওয়া তিমির শাবকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪টিতে। ২০০৯ সালের পর এটিই প্রজাতিটির সবচেয়ে সফল প্রজনন মৌসুম।
গত ২৫ সেপ্টেম্বর কানাডার কুইবেক প্রদেশের অ্যান্টিকোস্টি দ্বীপের কাছে শাবকটিকে তার মায়ের সঙ্গে সাঁতার কাটতে দেখা যায়। মিংগান আইল্যান্ড সিটাসিয়ান স্টাডির গবেষকেরা প্রথমে তিমি দুটির ছবি তোলেন। পরে বোস্টনের নিউ ইংল্যান্ড অ্যাকুয়ারিয়ামের বিজ্ঞানীরা ছবি ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হন, এটি আগে শনাক্ত না হওয়া একটি শাবক।
শাবকটির মায়ের নাম ‘সিল্ট’। গবেষকদের তালিকায় তার বয়স অন্তত ৩৮ বছর। নতুন শাবকসহ জীবনে মোট ছয়টি শাবকের জন্ম দিয়েছে সে। বিজ্ঞানীদের ধারণা, ২০২৬ সালের শীতকালীন প্রজনন মৌসুমে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলে শাবকটির জন্ম হয়েছিল। তবে মা ও শাবককে একসঙ্গে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তারা উত্তর দিকে কানাডার জলসীমায় চলে আসে।
উত্তর আটলান্টিক রাইট তিমি বিশ্বের সবচেয়ে বিরল সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের একটি। বর্তমানে পৃথিবীতে এ প্রজাতির তিমির সংখ্যা আনুমানিক ৩৮০টি। এর মধ্যে প্রজননক্ষম স্ত্রী তিমি রয়েছে মাত্র ৭০টির মতো। ফলে প্রতিটি নতুন শাবকের জন্ম প্রজাতিটির টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা।
সাম্প্রতিক প্রজনন মৌসুমে ২৪টি শাবকের সন্ধান পাওয়া গেছে। রেকর্ড অনুযায়ী, এটি এ প্রজাতির চতুর্থ সর্বোচ্চ প্রজনন মৌসুম। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে তিমির সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমে গিয়েছিল। ২০১৮ সালে কোনো শাবকের জন্মই হয়নি। তবে ২০২০ সালের পর থেকে জনসংখ্যায় কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে।
তবে নতুন শাবকের সন্ধান মিললেও প্রজাতিটির বিপদ কাটেনি। বড় জাহাজের সঙ্গে সংঘর্ষ এবং বাণিজ্যিক মাছ ধরার জালে আটকে যাওয়ার কারণে অনেক তিমি আহত হচ্ছে বা মারা যাচ্ছে। সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির ফলে তাদের চলাচলের এলাকাও পরিবর্তিত হচ্ছে। এতে সংরক্ষিত এলাকার বাইরে চলে গিয়ে আরও ঝুঁকির মুখে পড়ছে প্রাণীগুলো।
গবেষকেরা বলছেন, নতুন শাবকটির আবিষ্কার প্রজাতিটির ভবিষ্যৎ নিয়ে আশার কারণ হলেও এর নিরাপদে বেড়ে ওঠা নিশ্চিত করা জরুরি। সিল্ট ও তার শাবকের ওপর নজর রাখার পাশাপাশি উত্তর আটলান্টিক রাইট তিমির সুরক্ষায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।