ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে ভিনসেন্ট থমাস ব্রিজের বিকল্প সড়কে বন্যার পানিতে আটকে পড়েছে একাধিক যানবাহন। শুক্রবার সকালে বৃষ্টির পর উইলমিংটন এলাকায় সড়কে পানি জমে অন্তত তিনটি গাড়ি ও একটি বড় ট্রাক চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ সেতুটি বন্ধ থাকায় আগে থেকেই চাপের মুখে থাকা বিকল্প সড়কে যান চলাচল আরও বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৫টার কিছু আগে অ্যালামেডা স্ট্রিট ও হ্যারি ব্রিজেস বুলেভার্ডের কাছে এ ঘটনা ঘটে। উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে জরুরি বিভাগের কর্মীদের উপস্থিতি দেখা যায়। পানির গভীরতা এতটাই ছিল যে একটি গাড়ির চাকার প্রায় পুরো অংশ পানির নিচে তলিয়ে যায়।
ঘটনাস্থলের ভিডিওতে অন্তত তিনটি গাড়ি ও একটি সেমি-ট্রাক পানিতে আটকে থাকতে দেখা গেছে। কয়েকটি গাড়ির চালক তখনো ভেতরে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের উদ্ধার করা হয়েছে কি না, কিংবা এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ভিনসেন্ট থমাস ব্রিজ সংস্কারকাজের জন্য দীর্ঘ সময়ের জন্য বন্ধ রয়েছে। গত ৭ নভেম্বর থেকে সেতুটিতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সান পেদ্রো ও টার্মিনাল আইল্যান্ডের মধ্যে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৫৩ হাজার যানবাহন চলাচল করত। এর মধ্যে ভারী ট্রাকের সংখ্যাও উল্লেখযোগ্য।
সেতুটির কংক্রিটের ডেক দীর্ঘদিনের ভারী যানবাহনের চাপ এবং সামুদ্রিক পরিবেশের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে প্রায় ৭৫০ মিলিয়ন ডলারের সংস্কার প্রকল্প হাতে নিয়েছে ক্যালিফোর্নিয়া পরিবহন বিভাগ (ক্যালট্রান্স)। প্রকল্পের আওতায় সেতুর ডেক, রেলিং, মাঝের নিরাপত্তাবেষ্টনী, বেড়া ও বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম সংস্কার করা হবে। সেতুটি ২০২৮ সালের মার্চের শুরুতে আবার চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সেতু বন্ধ থাকায় চালকদের বিকল্প হিসেবে ইন্টারস্টেট ১১০ ও ৭১০, স্টেট রুট ১০৩ এবং হ্যারি ব্রিজেস বুলেভার্ড ব্যবহার করতে বলা হয়েছে। এর মধ্যে হ্যারি ব্রিজেস বুলেভার্ড ভিনসেন্ট থমাস ব্রিজ এড়িয়ে চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। ফলে এই সড়কে বন্যার পানি জমে যানবাহন আটকে পড়ায় বিকল্প পথে যাতায়াতকারীদের দুর্ভোগ আরও বাড়তে পারে।
সেতু বন্ধের কারণে আশপাশের এলাকায় যানজট ও যাতায়াতের সময় বেড়ে যাওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল। পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ১৮টি মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মকর্তাদের মোতায়েনের পরিকল্পনা করেছে ক্যালট্রান্স। তবে শুক্রবারের বন্যার ঘটনায় বিকল্প সড়কগুলোর চলাচল পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।