পরিবেশ

লস এঞ্জেলেস থেকে সান ডিয়েগো, উপকূলজুড়ে বন্যার আশঙ্কা ও ঝড়ো ঢেউয়ের সতর্কতা

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একদিকে বৃষ্টি, অন্যদিকে উপকূলজুড়ে বড় ঢেউ ও সমুদ্রের পানি উপচে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন অঞ্চলটিতে একাধিক দফায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে লস এঞ্জেলেস, ভেনচুরা, অরেঞ্জ কাউন্টি ও সান ডিয়েগোর উপকূলীয় এলাকায় বিপজ্জনক ঢেউ এবং স্থানীয়ভাবে উপকূলীয় প্লাবনের আশঙ্কা রয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ নভেম্বর শনিবার সকালে প্রথম দফার বৃষ্টি শেষ হওয়ার পর সপ্তাহান্তে কিছুটা বিরতি থাকবে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। নতুন একটি আবহাওয়া ব্যবস্থা সোমবার, ১৬ নভেম্বর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পৌঁছাতে পারে। এরপর বৃহস্পতিবার, ১৯ নভেম্বরের দিকে আরও একটি বৃষ্টিবাহী ব্যবস্থা আসার সম্ভাবনা রয়েছে। এসব ব্যবস্থার প্রভাবে তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। প্রথম দফার বৃষ্টিতে অঞ্চলটির বিভিন্ন এলাকায় সাধারণত এক-চতুর্থাংশ থেকে এক ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ আরও বেশি হতে পারে। তবে আবহাওয়াবিদদের ধারণা, পরবর্তী বৃষ্টিগুলোও মূলত হালকা থেকে মাঝারি মাত্রার হবে। তাই বড় ধরনের বন্যার আশঙ্কা তুলনামূলক কম। তবে উপকূলীয় পরিস্থিতি নিয়ে বেশি উদ্বেগ রয়েছে। লস এঞ্জেলেস কাউন্টির সৈকত ও মালিবু উপকূলে শনিবার ঢেউয়ের উচ্চতা ৮ থেকে ১২ ফুট পর্যন্ত হতে পারে। ভেনচুরা কাউন্টির কিছু এলাকায় ঢেউ ৮ থেকে ১৪ ফুট এবং ভেনচুরা হারবারের কাছে স্থানীয়ভাবে ১৫ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। অরেঞ্জ কাউন্টি ও সান ডিয়েগোর পশ্চিমমুখী সৈকতেও ৮ থেকে ১০ ফুট পর্যন্ত বড় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। বড় ঢেউয়ের সঙ্গে জোয়ারের পানি মিলে নিচু উপকূলীয় এলাকায় সমুদ্রের পানি ঢুকে পড়তে পারে। বিশেষ করে সৈকতের কাছের হাঁটার পথ, পার্কিং এলাকা ও সড়কে পানি জমার ঝুঁকি রয়েছে। কিছু এলাকায় সৈকতের বালু ক্ষয় এবং পানির স্রোতে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। লস এঞ্জেলেস ও ভেনচুরা উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা মঙ্গলবার পর্যন্ত বহাল থাকার কথা। অরেঞ্জ ও সান ডিয়েগোর উপকূলে সতর্কতা রোববার সকাল পর্যন্ত কার্যকর থাকার কথা রয়েছে। শনিবার লস এঞ্জেলেস, অরেঞ্জ ও সান ডিয়েগো কাউন্টির কয়েকটি উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতাও জারি করা হয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত নিচু এলাকাগুলোতে সমুদ্রের পানি ঢোকার আশঙ্কা রয়েছে। জোয়ারের সময় ঝুঁকি আরও বাড়তে পারে। আবহাওয়াবিদরা সমুদ্রসৈকতে যাওয়া, সাঁতার কাটা কিংবা পাথুরে বাঁধের কাছে অবস্থানের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে অভিজ্ঞ নন এমন সাঁতারুদের পানিতে না নামার আহ্বান জানানো হয়েছে। বিপজ্জনক ঢেউয়ের কারণে পানির নিচে টেনে নেওয়া স্রোত বা রিপ কারেন্ট তৈরি হতে পারে। উপকূলীয় এলাকায় গাড়ি চালানোর সময়ও সতর্ক থাকতে বলা হয়েছে। পানি জমে থাকা সড়ক বা ব্যারিকেড দেওয়া রাস্তা দিয়ে চলাচল না করার পরামর্শ রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি কিছুটা বিরতির পর বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের আগামী কয়েক দিন আবহাওয়ার হালনাগাদ সতর্কতা ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।