স্বাস্থ্য

যুক্তরাষ্ট্রে ডায়রিয়া সৃষ্টিকারী ‘সাইক্লোস্পোরা’ পরজীবীর প্রাদুর্ভাব, ৩১ অঙ্গরাজ্যে সংক্রমণ

যুক্তরাষ্ট্রের ৩১টি অঙ্গরাজ্যে ডায়রিয়া সৃষ্টিকারী সাইক্লোস্পোরা (Cyclospora) নামের একটি অণুবীক্ষণিক পরজীবীর সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাজারো মানুষ এতে আক্রান্ত হয়েছেন। রোগটির প্রধান লক্ষণ হলো ঘন ঘন, পানির মতো এবং কখনও কখনও বিস্ফোরণধর্মী (এক্সপ্লোসিভ) ডায়রিয়া।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) জানিয়েছে, ১ মে থেকে ৯ জুলাই পর্যন্ত দেশজুড়ে ৮৪৩টি নিশ্চিত সংক্রমণের তথ্য পাওয়া গেছে। তবে আরও ১,৫০০টির বেশি সম্ভাব্য সংক্রমণ যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত এই রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ৮৬ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মিশিগান অঙ্গরাজ্য। সেখানে মাত্র দুই সপ্তাহে ১ হাজারের বেশি মানুষ সাইক্লোস্পোরিয়াসিসে আক্রান্ত হয়েছেন। এছাড়া নিউইয়র্কে প্রায় ৩০০, ওহাইওতে ১৭৭ এবং ইলিনয়ে ১৪১টি সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই চিকিৎসা না নিয়ে সুস্থ হয়ে যান এবং তাদের পরীক্ষা করা হয় না।

কী এই সাইক্লোস্পোরা?

সাইক্লোস্পোরা একটি অণুবীক্ষণিক পরজীবী, যা মানুষের অন্ত্রে সংক্রমণ ঘটায়। সাধারণত পরজীবীযুক্ত দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে মানুষ এতে আক্রান্ত হয়।

আক্রান্ত ব্যক্তির সবার শরীরে উপসর্গ দেখা নাও দিতে পারে। তবে সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন পাতলা পায়খানা, পেটের অস্বস্তি, দুর্বলতা ও ক্লান্তি। চিকিৎসা না করলে এই অসুস্থতা কয়েক দিন থেকে এক মাসেরও বেশি সময় স্থায়ী হতে পারে। অনেক ক্ষেত্রে উপসর্গ কমে যাওয়ার পর আবারও ফিরে আসতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই রোগ একজন থেকে আরেকজনের মধ্যে সরাসরি ছড়ায় না। এটি শুধুমাত্র দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমেই সংক্রমিত হয়।

সংক্রমণের উৎস এখনও অজানা

সিডিসি জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিদের কেউই অসুস্থ হওয়ার আগে বিদেশ ভ্রমণ করেননি। অর্থাৎ, তারা যুক্তরাষ্ট্রের ভেতরেই দূষিত খাবার খেয়ে সংক্রমিত হয়েছেন।

তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট খাদ্যপণ্য, উৎপাদক বা সরবরাহকারীকে সংক্রমণের উৎস হিসেবে শনাক্ত করা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত কৃষিখামার বা সেচের পানির মাধ্যমে এই ধরনের দূষণ ঘটে, ফলে উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

অতীতে যুক্তরাষ্ট্র ও কানাডায় সাইক্লোস্পোরার প্রাদুর্ভাবের সঙ্গে প্যাকেটজাত সালাদ, ধনেপাতা, তুলসী পাতা, রাস্পবেরি, স্নো পি এবং কাঁচা পেঁয়াজ জড়িত ছিল।

কীভাবে সতর্ক থাকবেন?

স্বাস্থ্য কর্মকর্তারা কাঁচা শাকসবজি ও ফল ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন। সম্ভব হলে পাতাযুক্ত সবজি রান্না করে খাওয়া, লেটুস ও সবুজ পেঁয়াজের বাইরের স্তর ফেলে দেওয়া এবং নিরাপদ পানি ব্যবহার করারও সুপারিশ করা হয়েছে।

যাদের কয়েক দিন ধরে পাতলা পায়খানা বা তীব্র ডায়রিয়া হচ্ছে, তাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম