বাংলাদেশ

রায়েরবাজারে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও জলবায়ু সচেতনতার পাঠ দিল একুইমেন হ্যাভেন

রাজধানীর রায়েরবাজারে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে কর্মশালার আয়োজন করেছে একুইমেন হ্যাভেন। ‘সড়ক সাথী (Road Companion)’ প্রকল্পের আওতায় গত ২১ নভেম্বর মাদ্রাসা আবু বকর সিদ্দিক (রা:)-এ এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং হিফজুল কুরআন বিভাগের প্রায় ৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালায় শিক্ষার্থীদের বয়স ও বোঝার উপযোগী করে নিরাপদ সড়ক, জলবায়ু সচেতনতা এবং পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় অডিও-ভিজ্যুয়াল অ্যানিমেশন, শিক্ষামূলক বোর্ড গেম এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। একুইমেন হ্যাভেনের ফিল্ড কোঅর্ডিনেটর (বাংলাদেশ) এস এম ফেরদৌস এবং স্বেচ্ছাসেবক সোহান শেখ কর্মশালাটির পরিকল্পনা ও পরিচালনায় নেতৃত্ব দেন। সংগঠনটির প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কুইজ ও ইন্টারেক্টিভ গেমে অংশ নেন। এর মাধ্যমে শিশুদের কাছে পরিবেশ ও সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হয়। কর্মশালায় দৈনন্দিন আবহাওয়া ও দীর্ঘমেয়াদি জলবায়ুর পার্থক্য, অতিরিক্ত গ্রিনহাউস গ্যাসের কারণে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এবং পরিবেশ রক্ষায় ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যানজট কমিয়ে জ্বালানি সাশ্রয় ও কার্বন নিঃসরণ হ্রাসের বিষয়টিও তুলে ধরা হয়। সড়কে নিরাপদ চলাচলের জন্য জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক সিগন্যাল ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। স্বল্প দূরত্বে হাঁটা বা সাইকেল ব্যবহারের মতো পরিবেশবান্ধব যাতায়াতের অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া রাস্তা পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার কথা বলা হয়। আয়োজকদের মতে, বর্জ্যের কারণে নর্দমা ভরাট হলে সড়কে জলাবদ্ধতা ও যানজট বাড়তে পারে। কর্মশালায় সহযোগিতার জন্য মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. এহতেশাম ও শিক্ষকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একুইমেন হ্যাভেন। মাদ্রাসার শিক্ষকরা আয়োজন পরিচালনায় সহযোগিতা করেন। কর্মশালার শেষে অধ্যক্ষ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সমাপনী বক্তব্য দেন। সহযোগী সংগঠন ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি)-এর অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। একুইমেন হ্যাভেন জানায়, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষার প্রেরণা তৈরি এবং সড়কে নিরাপদ চলাচলের সচেতনতা বাড়ানোই ‘সড়ক সাথী’ প্রকল্পের মূল উদ্দেশ্য। এ লক্ষ্য নিয়ে দেশের আরও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। ২০২৬ সালের এপ্রিলে রোহিঙ্গা ক্যাম্পের একটি স্কুলে প্রি-লঞ্চ সেশনের মাধ্যমে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। একই মাসে ঢাকা আইডিয়াল স্কুলে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর মে মাসে লরেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং আগস্টে ধানমন্ডি কচিকণ্ঠ স্কুলে কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনটির মতে, নিরাপদ সড়ক, পরিচ্ছন্ন বায়ু ও বাসযোগ্য পরিবেশ গড়তে শিশুদের ছোটবেলা থেকেই সচেতন অভ্যাস শেখানো জরুরি। শিশুদের দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব ও নিরাপদ সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তৈরি হলে ভবিষ্যতে তা দীর্ঘস্থায়ী সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগকে বাংলাদেশের জাতীয় সড়ক নিরাপত্তা ও জলবায়ু অঙ্গীকারের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৩, ৪, ১১ ও ১৩ নম্বর লক্ষ্যের সঙ্গেও সম্পৃক্ত বলে উল্লেখ করেছে একুইমেন হ্যাভেন।