লস এঞ্জেলেস কাউন্টিতে নতুন করে প্রবল ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাসের মধ্যে সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির কারণে এসব এলাকায় কাদা ও ধ্বংসাবশেষের স্রোত এবং ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, প্যালিসেডস, ইটন, কেনেথ ও ক্যানিয়ন দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার কিছু অংশে সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে সতর্কতা কার্যকর হবে। এটি বুধবার (২ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত বহাল থাকার কথা। শনিবার রাতেই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়।
লস এঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সতর্কতার আওতায় রয়েছে ক্যাস্টেইক, মালিবু, টোপাঙ্গা, ক্যালাবাসাস, আলতাডেনা ও পাসাডেনার কিছু এলাকা। ঝুঁকিপূর্ণ বাড়িগুলোর বাসিন্দাদের সতর্ক করতে শেরিফের সদস্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি বাড়ি বাড়ি গিয়ে খবর দিচ্ছে। কিছু বাড়িতে দরজায় নোটিশও দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এটি সরিয়ে নেওয়ার নির্দেশ নয়; বরং আগাম সতর্কতা। তবে যাঁদের বাড়ি ছাড়তে বেশি সময় প্রয়োজন, বিশেষ করে বয়স্ক, প্রতিবন্ধী, পোষা প্রাণী বা গবাদিপশু রয়েছে এমন বাসিন্দাদের আগেভাগেই নিরাপদ স্থানে চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।
সাম্প্রতিক দাবানলে পুড়ে যাওয়া পাহাড়ি এলাকায় গাছপালা ও মাটির স্বাভাবিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে। ফলে ভারী বৃষ্টিতে মাটি, পাথর ও পোড়া গাছের ধ্বংসাবশেষ দ্রুত নিচের দিকে নেমে আসতে পারে। এ ধরনের কাদা ও ধ্বংসাবশেষের প্রবাহ ঘরবাড়ি, সড়ক ও অবকাঠামোর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
লস এঞ্জেলেস কাউন্টির জনপূর্ত বিভাগ ১৩টি দাবানলদগ্ধ এলাকায় ধ্বংসাবশেষের প্রবাহের আশঙ্কায় প্রথম পর্যায়ের পূর্বাভাস জারি করেছে। এর মধ্যে রয়েছে বাইক, বুকে, পয়েন্ট, ক্রাউন, ক্যানিয়ন, বেথানি, ইটন, প্যালিসেডস, হার্স্ট, কেনেথ, সানসেট, লিডিয়া ও ফ্র্যাঙ্কলিন দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা।
জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার রাত থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি শুরু হতে পারে। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকা ও উপত্যকায় মঙ্গলবার পর্যন্ত মোট ২ থেকে ৩ ইঞ্চি বৃষ্টি হতে পারে। পাহাড়ি ঢাল ও পাদদেশের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদেরা মঙ্গলবার আকস্মিক বন্যার ঝুঁকির বিষয়েও সতর্ক করেছেন। বৃষ্টির কারণে নিচু এলাকা, পাহাড়ি সড়ক ও জলপ্রবাহের পথগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
কর্তৃপক্ষ বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ তথ্য ও জরুরি সতর্কবার্তা অনুসরণ করতে, জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখতে এবং প্রয়োজনে দ্রুত এলাকা ছাড়ার পরিকল্পনা করে রাখতে বলেছে। বন্যার পানিতে ডুবে থাকা সড়ক বা দ্রুত প্রবাহিত পানির মধ্য দিয়ে গাড়ি কিংবা হেঁটে যাওয়ার চেষ্টা না করতেও সতর্ক করা হয়েছে।
সরিয়ে নেওয়ার সতর্কতা ও নির্দেশের সর্বশেষ অবস্থা জানতে বাসিন্দাদের কাউন্টির জরুরি তথ্য পোর্টাল এবং জেনাসিস প্রোটেক্টের মানচিত্র দেখার পরামর্শ দেওয়া হয়েছে।