যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৮ সালের ৭ নভেম্বর। নির্বাচনের এখনো প্রায় দুই বছর বাকি থাকলেও দুই প্রধান রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন। আগামী কয়েক মাসে এই তৎপরতা আরও বাড়বে। বিশেষ করে ২০২৭ সালের বসন্ত থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা এবং নির্বাচনী প্রচার জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৮ সালের নির্বাচনটি ২০১৬ সালের পর প্রথম, যেখানে দুই প্রধান দলের মনোনয়ন লড়াইয়ে কোনো বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন না। ফলে ডেমোক্রেটিক ও রিপাবলিকান—উভয় দলের মনোনয়নপ্রক্রিয়াই উন্মুক্ত থাকবে। ডেমোক্র্যাটদের মধ্যে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেশি হতে পারে। অন্যদিকে রিপাবলিকানদের লড়াইয়ে দলটির ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়েও আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
লস এঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে সফর, দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ, অর্থদাতাদের সঙ্গে আলোচনা এবং নির্বাচনী দলের জন্য অভিজ্ঞ কর্মী খোঁজার কাজ করছেন। বিশেষ করে যেসব অঙ্গরাজ্যে প্রাথমিক ভোট বা ককাস আগে অনুষ্ঠিত হয়, সেসব জায়গায় রাজনৈতিক যোগাযোগ বাড়ানো হচ্ছে।
কবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা সাধারণত মধ্যবর্তী নির্বাচনের পরের বছরের বসন্তে নিজেদের প্রার্থিতার ঘোষণা দেন। ২০০৬ সালের মধ্যবর্তী নির্বাচনের তিন মাস পর, ২০০৭ সালের ফেব্রুয়ারিতে বারাক ওবামা প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিয়েছিলেন। জো বাইডেন ২০১৯ সালের এপ্রিলে এবং ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের জুনে প্রার্থিতা ঘোষণা করেন।
২০২৮ সালের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ২০২৭ সালের কোনো এক সময়ে তিনি সিদ্ধান্ত নেবেন। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, তিনি বিষয়টি নিয়ে ভাবছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমও নিজের সিদ্ধান্তের বিষয়ে অপেক্ষা করছেন। সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজ বলেছেন, এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়োর প্রয়োজন নেই।
প্রাইমারি ও ককাস কেন গুরুত্বপূর্ণ
প্রেসিডেন্ট নির্বাচনের আগে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য অঙ্গরাজ্যগুলোতে প্রাইমারি নির্বাচন ও ককাস অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় প্রার্থীরা দলের জাতীয় সম্মেলনের জন্য প্রতিনিধিদের সমর্থন অর্জন করেন। প্রাথমিক পর্যায়ে ভালো ফল করতে না পারা অনেক প্রার্থী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। ফলে ধাপে ধাপে প্রার্থীর সংখ্যা কমে আসে।
ডেমোক্রেটিক পার্টির নতুন সূচি অনুযায়ী, ২০২৮ সালের ২২ জানুয়ারি সাউথ ক্যারোলাইনায় প্রথম প্রাইমারি অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর ফেব্রুয়ারিতে নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নিউ মেক্সিকো, মিশিগান ও ভার্জিনিয়ায় ভোটের পরিকল্পনা রয়েছে। তবে নিউ হ্যাম্পশায়ারের আইন অনুযায়ী, অঙ্গরাজ্যটির প্রাইমারি সবার আগে অনুষ্ঠিত হতে হবে। এ নিয়ে ডেমোক্রেটিক পার্টির নির্ধারিত সূচির সঙ্গে বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রথম বিতর্ক শুরু ২০২৭ সালের জুনে
ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি (ডিএনসি) ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক মনোনয়নপ্রক্রিয়ায় মোট ১২টি বিতর্ক আয়োজনের পরিকল্পনা করেছে। এর মধ্যে পাঁচটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালে এবং বাকি সাতটি ২০২৮ সালে। প্রথম দুটি বিতর্কের সময় ও স্থান ২০২৭ সালের জানুয়ারিতে ঘোষণা করার কথা।
সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেশি হলে বিতর্কে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সংখ্যা ২০ জনে সীমিত রাখা হবে। প্রয়োজনে বিতর্ক দুই রাতে আয়োজন করা হতে পারে। প্রার্থীদের জনমত জরিপ ও তৃণমূল পর্যায়ের তহবিল সংগ্রহের নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি বিতর্কে অংশ নিতে হলে নির্বাচনী প্রচারে অপ্রকাশিত অর্থের প্রভাবের বিরুদ্ধে অবস্থান জানানোর অঙ্গীকারও করতে হবে।
রিপাবলিকান ন্যাশনাল কমিটি এখনো তাদের প্রাথমিক বিতর্কের কাঠামো ঘোষণা করেনি।
কখন চূড়ান্ত প্রার্থী বাছাই হবে
প্রাইমারি ও ককাসের পর ২০২৮ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের শুরুর মধ্যে দুই দল জাতীয় সম্মেলন আয়োজন করবে। এসব সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে দলীয় প্রার্থী নির্বাচন করা হবে। এরপর সেপ্টেম্বর ও অক্টোবরে সাধারণ নির্বাচনের প্রচার এবং প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা।
সবশেষে ২০২৮ সালের ৭ নভেম্বর দেশজুড়ে ভোটগ্রহণ হবে। অর্থাৎ আনুষ্ঠানিক প্রচারের বড় পর্ব শুরু হতে এখনো সময় থাকলেও সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি, তহবিল সংগ্রহ এবং দলীয় সমর্থন তৈরির প্রতিযোগিতা এরই মধ্যে শুরু হয়ে গেছে।