লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের পরও থামছে না পরাঘাত, কী বলছেন বিশেষজ্ঞরা

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেস অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্পের পর একের পর এক পরাঘাত অনুভূত হচ্ছে। শনিবারের মূল ভূমিকম্পের পর রোববার পর্যন্ত শতাধিক পরাঘাত রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক দিন থেকে এক-দুই সপ্তাহ পর্যন্ত কম্পন অব্যাহত থাকতে পারে। এর মধ্যে ৩ মাত্রার ভূমিকম্পও অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। লস এঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে সান্তা মনিকা উপসাগরের নিচে, হারমোসা বিচ উপকূল থেকে প্রায় তিন মাইল দূরে ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এরপর একই এলাকায় একাধিক পরাঘাত সৃষ্টি হয়। ভূমিকম্পের পরাঘাতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। শনিবারের পরাঘাতগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৪ দশমিক ৫ মাত্রার কম্পন। এটি বেলা ১১টা ৪১ মিনিটে অনুভূত হয়। এ ছাড়া দুপুর ২টা ৮ মিনিটে ৪ মাত্রার, ২টা ২৭ মিনিটে ৩ দশমিক ৯ মাত্রার এবং রাত ৮টা ৮ মিনিটে আরও ৪ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) ভূকম্পনবিদ লুসি জোনসের ভাষ্য অনুযায়ী, এই পরাঘাতের ধারাবাহিকতা গড়ের তুলনায় কিছুটা বেশি সক্রিয় হলেও তা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে। তাঁর মতে, আগামী এক থেকে দুই সপ্তাহ ৩ মাত্রার আশপাশের পরাঘাত অনুভূত হতে পারে। পরাঘাতের কারণে উপকূলীয় কয়েকটি এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ৪ দশমিক ৫ মাত্রার কম্পনের পর ম্যানহাটন বিচের পিয়ার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। রেডন্ডো বিচের হারবার প্যাট্রোল নৌকায় করে পিয়ার পরিদর্শন করে। হারমোসা বিচের পিয়ারও কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ের জন্য বন্ধ রাখা হয়। ভূমিকম্পে কিছু স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এল সেগুন্ডোর দ্য পয়েন্ট নামের রেস্তোরাঁ ও খুচরা বিপণিবিতানে সাইনবোর্ডের কিছু অংশ খুলে পড়ে। ম্যানহাটন বিচে ভবন পরিদর্শকেরা কয়েকটি স্থাপনায় লাল ও হলুদ সতর্কতামূলক চিহ্ন দিয়েছেন। অন্তত একটি বাড়ির চিমনি ভেঙে পড়ে। লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরেও (এলএএক্স) কয়েকটি কাচ ভেঙে যায় এবং ছাদের একটি টাইল খসে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্পের পর একই এলাকায় পরাঘাত হওয়া স্বাভাবিক। মূল ভূমিকম্পের পর সময়ের সঙ্গে সাধারণত এসব কম্পনের সংখ্যা ও তীব্রতা কমতে থাকে। তবে কোনো কোনো পরাঘাত তুলনামূলক শক্তিশালী হতে পারে। লুসি জোনস জানিয়েছেন, প্রায় ৫ শতাংশ ক্ষেত্রে কোনো পরাঘাত মূল ভূমিকম্পের চেয়েও বড় হতে পারে। সে ক্ষেত্রে আগের ভূমিকম্পটিকে পূর্বকম্পন হিসেবে বিবেচনা করা হয়। শনিবারের ভূমিকম্প কোন ফল্ট বা চ্যুতির কারণে হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ভূবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেমস ডোলানের ধারণা, এটি পালোস ভার্দেস ফল্ট অথবা এর সঙ্গে যুক্ত কোনো গৌণ রিভার্স ফল্টে ঘটে থাকতে পারে। তবে সমুদ্রের নিচে ভূমিকম্পের উৎস নির্দিষ্ট করা কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভূকম্পনবিদদের মতে, এই পরাঘাতের ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও নজরদারিতে রাখতে হবে। অধিকাংশ কম্পন ছোট হওয়ার সম্ভাবনা থাকলেও বড় কম্পনের ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।