লস এঞ্জেলেস

প্রবল বৃষ্টির আশঙ্কায় বন্যা সতর্কতা, লস এঞ্জেলেসের দাবানলদগ্ধ এলাকায় ভূমিধসের শঙ্কা

লস এঞ্জেলেস কাউন্টিতে ভারী বৃষ্টির পূর্বাভাস ঘিরে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাদা, পাথর ও ধ্বংসাবশেষের স্রোত নেমে আসার আশঙ্কা করছেন আবহাওয়াবিদ ও জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তারা। সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। রোববার (২৯ নভেম্বর) জারি করা সতর্কতা অনুযায়ী, লস এঞ্জেলেস ছাড়াও ভেনচুরা ও সান্তা বারবারা কাউন্টিতে স্থানীয় সময় সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বন্যার ঝুঁকি রয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে সড়ক ও নিচু এলাকায় বিপজ্জনক বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে পাহাড়ি ঝরনা, ছোট নদী ও খাল উপচে পড়া এবং নদীর পানির উচ্চতা দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধারের পরিস্থিতিও তৈরি হতে পারে। জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সতর্কতার আওতাভুক্ত এলাকায় মোট ২ থেকে ৪ ইঞ্চি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমমুখী পাহাড়ি ঢাল এবং উপকূলসংলগ্ন উঁচু এলাকায় বৃষ্টির পরিমাণ ৪ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় আধা থেকে এক ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রঝড়ের সময় স্থানীয়ভাবে বৃষ্টির হার ঘণ্টায় দেড় ইঞ্চি পর্যন্ত হতে পারে। আবহাওয়াবিদদের উদ্বেগের বড় কারণ দাবানলে ক্ষতিগ্রস্ত পাহাড়ি অঞ্চল। আগুনে গাছপালা ও মাটির ওপরের উদ্ভিদস্তর পুড়ে যাওয়ায় এসব এলাকার মাটি বৃষ্টির পানি ধরে রাখার স্বাভাবিক সক্ষমতা হারায়। ফলে ভারী বৃষ্টিতে পাহাড়ের ঢাল থেকে কাদা, পাথর, গাছের অংশ ও অন্যান্য ধ্বংসাবশেষ দ্রুত নিচে নেমে আসতে পারে। এ ধরনের স্রোত আবাসিক এলাকা, সড়ক ও অবকাঠামোর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। পাহাড়ি রাস্তা ও গিরিখাতেও ভূমিধস এবং পাথর গড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকার বাসিন্দাদের জন্য সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে। কাউন্টির জরুরি তথ্য অনুযায়ী, প্যালিসেডস, ইটন, কেনেথ ও ক্যানিয়ন দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার কিছু অংশে সোমবার ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে এই সতর্কতা কার্যকর হওয়ার কথা। সতর্কতার আওতায় থাকা বাসিন্দাদের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।  কর্তৃপক্ষের ভাষায়, সরিয়ে নেওয়ার সতর্কতা মানেই এখনই বাধ্যতামূলকভাবে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ নয়। এর অর্থ, সংশ্লিষ্ট এলাকায় জীবন বা সম্পত্তির জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি হতে পারে। যাঁদের সরিয়ে নিতে বেশি সময় লাগে—যেমন বয়স্ক, চলাচলে অসুবিধা রয়েছে এমন ব্যক্তি, পোষা প্রাণী বা গবাদিপশুর মালিক—তাঁদের আগেভাগে নিরাপদ স্থানে চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে কর্তৃপক্ষ সরিয়ে নেওয়ার বাধ্যতামূলক নির্দেশ দিতে পারে। এদিকে লস এঞ্জেলেস কাউন্টির জনপূর্ত বিভাগ ১৩টি সাম্প্রতিক দাবানলদগ্ধ এলাকার জন্য ‘ফেজ ১’ ধ্বংসাবশেষের স্রোতসংক্রান্ত পূর্বাভাস দিয়েছে। তালিকায় রয়েছে বাইক, বুকে, পয়েন্ট, ক্রাউন, ক্যানিয়ন, বেথানি, ইটন, প্যালিসেডস, হার্স্ট, কেনেথ, সানসেট, লিডিয়া ও ফ্র্যাঙ্কলিন দাবানল এলাকা। এই পূর্বাভাস সোমবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ২ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত কার্যকর থাকার কথা।  কাউন্টি শেরিফ বিভাগ এসব এলাকার বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ, সম্ভাব্য বন্যা ও কাদার স্রোতের জন্য প্রস্তুতি এবং জরুরি নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে। বন্যার পানিতে ডুবে থাকা সড়ক কিংবা কাদা ও ধ্বংসাবশেষে ঢেকে যাওয়া রাস্তা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, কাদা ও ধ্বংসাবশেষের স্রোত কখন কোথায় নেমে আসবে, তা আগে থেকে নির্ভুলভাবে বলা কঠিন। অনেক সময় কোনো আগাম সংকেত ছাড়াই এসব ঘটনা ঘটতে পারে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহের শুরুতে একাধিক ঝড়ের প্রভাব পড়তে পারে। প্রথম দফার বৃষ্টির পর মঙ্গলবার আরও শক্তিশালী ঝড়ের পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে বজ্রঝড়ও হতে পারে। উপকূল ও উপত্যকা অঞ্চলের পাশাপাশি পাহাড়ি এলাকাতেও বৃষ্টির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। সপ্তাহের শেষ দিকে আরও একটি দুর্বল ঝড় আসতে পারে, যদিও সেটির প্রভাব তুলনামূলক কম হওয়ার কথা।  গত বছরের দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য নতুন এই সতর্কতা বাড়তি উদ্বেগ তৈরি করেছে। আগুনে ক্ষতিগ্রস্ত পাহাড়ি ঢালে ভারী বৃষ্টি হলে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি বদলে যেতে পারে। তাই বৃষ্টি শুরু হওয়ার পর পরিস্থিতি খারাপ হওয়ার অপেক্ষা না করে আগেই প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিচ্ছেন জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তারা।