আন্তর্জাতিক

প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

ক্যারিবীয় সাগরে চলাচলরত প্রিন্সেস ক্রুজের একটি প্রমোদতরিতে অজ্ঞাত কারণে পেটের অসুখ ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৩৪ জন যাত্রী ও ১৪ জন ক্রু সদস্য অসুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা গেছে। তবে অসুস্থতার কারণ এখনো শনাক্ত করতে পারেনি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। সিডিসির ১৭ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘ক্যারিবিয়ান প্রিন্সেস’ নামের জাহাজটিতে মোট ২ হাজার ৯৩৬ জন যাত্রী ও ১ হাজার ১৩২ জন ক্রু সদস্য রয়েছেন। অসুস্থ হয়েছেন মোট ১৪৮ জন। এর মধ্যে যাত্রীদের ৪ দশমিক ৬ শতাংশ এবং ক্রু সদস্যদের ১ দশমিক ২ শতাংশ। জাহাজটি গত ১১ নভেম্বর ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে ১২ রাতের সমুদ্রযাত্রা শুরু করে। এর গন্তব্য ক্যারিবীয় অঞ্চল, কলম্বিয়া ও পানামা খাল। আগামী ২৩ নভেম্বর ফ্লোরিডায় ফিরে আসার কথা রয়েছে। গত ১৫ নভেম্বর জাহাজ কর্তৃপক্ষ সিডিসির ভেসেল স্যানিটেশন প্রোগ্রামকে অসুস্থতার প্রাদুর্ভাবের কথা জানায়। এরপর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি। অসুস্থতার কারণ জানতে আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার চূড়ান্ত ফল এখনো পাওয়া যায়নি। সিডিসি জানিয়েছে, জাহাজে বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা গেলেও এর পেছনে কোন জীবাণু দায়ী, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ধরনের অসুস্থতার প্রাদুর্ভাবে নরোভাইরাস প্রায়ই দায়ী থাকে। তবে এই জাহাজের ক্ষেত্রে নরোভাইরাসের সংক্রমণ এখনো নিশ্চিত হয়নি। তাই পরীক্ষার ফল পাওয়ার আগে নির্দিষ্ট কোনো জীবাণুকে দায়ী করা যাচ্ছে না। সংক্রমণ নিয়ন্ত্রণে জাহাজের কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুনাশের কার্যক্রম জোরদার করেছেন। অসুস্থ যাত্রী ও ক্রু সদস্যদের আলাদা রাখা হয়েছে। পাশাপাশি সিডিসির সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ নেওয়া হচ্ছে। সিডিসি আরও জানিয়েছে, প্রকাশিত আক্রান্তের সংখ্যা পুরো সমুদ্রযাত্রায় অসুস্থ হওয়া ব্যক্তিদের মোট হিসাব। এর অর্থ এই নয় যে সবাই একই সময়ে অসুস্থ ছিলেন। এটি ২০২৬ সালে প্রিন্সেস ক্রুজের জাহাজে রিপোর্ট হওয়া চতুর্থ অসুস্থতার প্রাদুর্ভাব। এর আগে প্রতিষ্ঠানটির অন্য জাহাজেও নরোভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল।