স্বাস্থ্য

শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

হামের সংক্রমণ আবার বাড়তে থাকায় অনেকের মনেই প্রশ্ন—শৈশবে টিকা নেওয়ার পরও কি নতুন করে বুস্টার ডোজ প্রয়োজন? বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে এর প্রয়োজন নেই। তবে কারও টিকার ইতিহাস অসম্পূর্ণ হলে বা সংক্রমণের ঝুঁকি বেশি থাকলে অতিরিক্ত ডোজ নেওয়ার প্রয়োজন হতে পারে। হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। সাম্প্রতিক প্রাদুর্ভাবে কয়েক দশকের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও বলিভিয়া হামমুক্ত দেশের স্বীকৃতি হারিয়েছে। এর আগে গত বছর একই স্বীকৃতি হারায় কানাডা। চিকিৎসকদের মতে, হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে এমএমআর টিকার দুই ডোজ সবচেয়ে কার্যকর। একটি ডোজ হাম প্রতিরোধে প্রায় ৯৩ শতাংশ কার্যকর, আর দুই ডোজের কার্যকারিতা প্রায় ৯৭ শতাংশ। সাধারণত এই টিকা দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়। একবার হাম হয়ে গেলেও অধিকাংশ মানুষের শরীরে দীর্ঘস্থায়ী রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তবে কিছু মানুষের অতিরিক্ত ডোজের প্রয়োজন হতে পারে। ১৯৬৩ থেকে ১৯৬৭ সালের মধ্যে যারা হাম প্রতিরোধের টিকা নিয়েছিলেন, তাঁদের কেউ কেউ তুলনামূলক কম কার্যকর নিষ্ক্রিয় ভাইরাসের টিকা পেয়েছিলেন। তাঁরা কোন ধরনের টিকা নিয়েছিলেন তা নিশ্চিত না হলে চিকিৎসকের পরামর্শে নতুন করে এমএমআর টিকা নিতে পারেন। এ ছাড়া যেসব প্রাপ্তবয়স্কের টিকার মাত্র একটি ডোজ নেওয়ার প্রমাণ আছে, তাঁদের মধ্যে কয়েকটি গোষ্ঠীর দ্বিতীয় ডোজ প্রয়োজন হতে পারে। এর মধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মী, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আন্তর্জাতিক ভ্রমণকারী এবং রোগপ্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তির ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা। কোনো এলাকায় হাম ছড়িয়ে পড়লে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ অতিরিক্ত টিকার পরামর্শ দিতে পারে। যাঁরা কখনো হাম প্রতিরোধের টিকা নেননি এবং ১৯৫৭ সালের আগে জন্মগ্রহণ করেননি, তাঁদের টিকা নেওয়ার বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত। যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী, ১৯৫৭ সালের আগে জন্ম নেওয়া বেশির ভাগ মানুষকে শৈশবে হাম হওয়ার সম্ভাবনার কারণে রোগপ্রতিরোধী হিসেবে বিবেচনা করা হয়। তবে স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে আলাদা নির্দেশনা রয়েছে। নিজের টিকার ইতিহাস জানা না থাকলে মা-বাবা, চিকিৎসক, স্কুল বা কলেজের স্বাস্থ্যসেবা বিভাগ এবং আগের কর্মস্থলে খোঁজ নেওয়া যেতে পারে। প্রয়োজনে রক্ত পরীক্ষায় হাম প্রতিরোধী অ্যান্টিবডি আছে কি না, তা যাচাই করা সম্ভব। তবে এই পরীক্ষার ফল দিয়ে সুরক্ষার মাত্রা পুরোপুরি নির্ধারণ করা যায় না।  বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা এমএমআর টিকার প্রয়োজনীয় দুই ডোজ নিয়েছেন, তাঁদের সাধারণত তৃতীয় কোনো ডোজের প্রয়োজন নেই। অন্যদিকে গর্ভবতী নারী এবং রোগপ্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে এই টিকা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নিজের টিকার অবস্থা নিশ্চিত না হলে বা অতিরিক্ত ডোজের প্রয়োজন মনে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।