মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন কলম্বিয়ার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা। তিন বছর ধরে মস্তিষ্কের ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ১২ নভেম্বর তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে।
কাটা আমাতিস্তার প্রকৃত নাম ক্যাটালিনা ফার্নান্দেজ। ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউব মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল ৩০ লাখের বেশি। নিজের অসুস্থতা, চিকিৎসা, দৈনন্দিন জীবন এবং কঠিন সময়ের অভিজ্ঞতা নিয়মিত অনুসারীদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি।
২০২৩ সালের জুলাইয়ে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে নিজের ক্যানসার শনাক্ত হওয়ার খবর জানান কাটা। চিকিৎসকেরা তাঁর মস্তিষ্কের সেরিবেলামে ম্যালিগন্যান্ট মেডুলোব্লাস্টোমা শনাক্ত করেছিলেন। এটি মস্তিষ্কের নিচের অংশে তৈরি হওয়া এক ধরনের ক্যানসারযুক্ত টিউমার।
এরপর দীর্ঘ তিন বছর ধরে চিকিৎসা চালিয়ে যান তিনি। অস্ত্রোপচার ও কেমোথেরাপিসহ বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। চিকিৎসকের কাছে যাওয়া, হাসপাতালের অভিজ্ঞতা এবং শারীরিক অবস্থার পরিবর্তনও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরতেন কাটা। তাঁর এই যাত্রার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন লাখো অনুসারী।
চিকিৎসার পাশাপাশি অভিনয় ও সৃজনশীল কাজের প্রতিও আগ্রহ ছিল তাঁর। অভিনয়শিল্প নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। গান, নাচ ও ছবি আঁকার প্রতিও ছিল ভালোবাসা। কলম্বিয়ার কালি শহরে ‘হ্যামিল্টন’ মঞ্চনাটকের একটি প্রযোজনায়ও অংশ নিয়েছিলেন তিনি।
মৃত্যুর খবর জানিয়ে পরিবারের পক্ষ থেকে প্রকাশিত আবেগঘন বার্তায় বলা হয়, কাটা ছিলেন ভালোবাসা, আনন্দ ও স্বপ্নে ভরা একজন মানুষ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি মানুষকে জীবন উপভোগ করতে, কৃতজ্ঞ থাকতে এবং প্রিয়জনদের ভালোবাসতে শিখিয়েছেন।
পরিবারের ভাষায়, ‘তিনি আমাদের বাঁচতে শিখিয়েছেন।’ একই সঙ্গে তাঁরা বলেছেন, ক্যানসার কাটার পুরো পরিচয় ছিল না। তাঁর জীবনের মূল গল্প ছিল ভালোবাসা, প্রতিদিনের আনন্দ এবং কঠিন পরিস্থিতিতেও অন্যদের মধ্যে আলো ছড়িয়ে দেওয়া।
পরিবার আরও জানিয়েছে, কাটাকে তাঁর অনুপস্থিতি দিয়ে নয়, বরং তিনি মানুষের জীবনে যে ভালোবাসা ও আনন্দ রেখে গেছেন, তা দিয়েই স্মরণ করতে চায় তারা।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন অনুসারীরা। অনেকেই তাঁর সাহস, ইতিবাচক মনোভাব এবং কঠিন সময়েও জীবনকে উদ্যাপন করার মানসিকতার কথা স্মরণ করেছেন।
তাঁর পরিবারও অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। অসুস্থতার পুরো সময়ে যাঁরা ভালোবাসা, উৎসাহ ও সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা।