আইটি

স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

মার্কিন পুঁজিবাজারে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের আইপিও। বিশ্বের সবচেয়ে বড় আইপিওর রেকর্ড গড়া স্পেসএক্সের পর এবার যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শেয়ারবাজারে প্রবেশের প্রস্তুতি নিয়েছে ক্লড চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে দুই প্রতিষ্ঠানের ব্যবসার ধরন, আয়, মূল্যায়ন এবং শেয়ার বিক্রির শর্তে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য। ১৮ নভেম্বর প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিকের আইপিওর সম্ভাব্য মূল্যায়ন ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনা হয়েছে। এই মূল্যায়নে কোম্পানিটির শেয়ারের দাম গত ১২ মাসের আয়ের প্রায় ৪০ গুণ হতে পারে। অন্যদিকে, জুনে বাজারে আসার সময় স্পেসএক্সের মূল্যায়ন ছিল প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। সে সময় কোম্পানিটির শেয়ারমূল্য আগের ১২ মাসের আয়ের প্রায় ৯২ গুণ নির্ধারিত হয়েছিল। অর্থাৎ আয়ের তুলনায় স্পেসএক্সের মূল্যায়ন অ্যানথ্রপিকের চেয়ে অনেক বেশি। তবে দুটি প্রতিষ্ঠানের মূল্যায়নই প্রচলিত বড় প্রযুক্তি কোম্পানিগুলোর তুলনায় বেশ উঁচু। উদাহরণ হিসেবে, অ্যামাজনের শেয়ারমূল্য তাদের গত ১২ মাসের আয়ের প্রায় ৩ দশমিক ৫ গুণ এবং অ্যালফাবেটের ক্ষেত্রে তা প্রায় ৭ দশমিক ৩ গুণ। স্পেসএক্সের আইপিও জুনে ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করে বিশ্বে সর্বকালের সবচেয়ে বড় শেয়ার বিক্রির রেকর্ড গড়ে। অন্যদিকে, অ্যানথ্রপিকের আইপিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অ্যানথ্রপিকের শেয়ার কেনার আগ্রহের পাশাপাশি বিনিয়োগকারীদের মধ্যে মূল্যায়ন নিয়ে সংশয়ও রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চাহিদা শক্তিশালী হলেও অনেক বিশ্লেষক মনে করছেন, এত উচ্চ দামে শেয়ার কেনা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাঁদের আশঙ্কা, এআই খাতে বিপুল বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত উৎপাদনশীলতা ও মুনাফা কতটা আসবে, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। আন্তর্জাতিক সুদের হার বৃদ্ধি, এআই খাতে সরকারি নিয়ন্ত্রণের সম্ভাবনা এবং অতীতে উচ্চ মূল্যায়নে বাজারে আসা বড় কোম্পানিগুলোর শেয়ারের অস্থিরতাও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াচ্ছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে আরেকটি বড় পার্থক্য রয়েছে শেয়ার বিক্রির বিধিনিষেধে। অ্যানথ্রপিকের কিছু কর্মী ও অভ্যন্তরীণ বিনিয়োগকারী আইপিওর প্রথম দিন থেকেই নির্দিষ্ট পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন। প্রতিষ্ঠাতাদের শেয়ারও ধাপে ধাপে বিক্রির সুযোগ তৈরি হবে। বিপরীতে, স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের শেয়ার বিক্রির ওপর এক বছরের বিধিনিষেধ রয়েছে। বাজারে অ্যানথ্রপিকের শেয়ারের প্রথম দিকের লেনদেন এবং আইপিও-পরবর্তী প্রথম আর্থিক প্রতিবেদন বিশেষ গুরুত্ব পাবে। কারণ, এসব তথ্য থেকে বিনিয়োগকারীরা কোম্পানিটির প্রকৃত ব্যবসায়িক সক্ষমতা ও উচ্চ মূল্যায়নের যৌক্তিকতা সম্পর্কে ধারণা পাবেন। অ্যানথ্রপিকের আইপিওর সাফল্য শুধু এআই খাতেই নয়, প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের সম্ভাব্য বাজার প্রবেশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফলে স্পেসএক্সের পর অ্যানথ্রপিকের শেয়ারবাজারে যাত্রা প্রযুক্তি ও বিনিয়োগ—দুই ক্ষেত্রেই নতুন আলোচনার জন্ম দিয়েছে।