লস এঞ্জেলেসের নতুন মেয়র হিসেবে আগামী মাসে শপথ নিতে যাচ্ছেন নিথিয়া রামান। নির্বাচনী প্রচারে শহরের গৃহহীন সমস্যা, আবাসন সংকট, জননিরাপত্তা, সড়ক মেরামত ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এখন নির্বাচনে জয়ী হওয়ার পর সেসব পরিকল্পনা বাস্তবায়নই হবে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ।
আগামী ১৩ ডিসেম্বর রোববার রামানের শপথ গ্রহণের কথা রয়েছে। পরদিন ১৪ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব পালন শুরু করবেন তিনি। নির্বাচনী প্রচারে তিনি লস এঞ্জেলেসের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় পরিবর্তন আনার অঙ্গীকার করেছিলেন।
তাঁর পরিকল্পনার সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে গৃহহীন মানুষের সংকট। প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই শহরের রাস্তায় থাকা তাঁবু ও অস্থায়ী বসতি দূর করে গৃহহীন মানুষকে ঘরের ভেতরে পুনর্বাসনের লক্ষ্য নির্ধারণ করেছেন রামান। এ জন্য শহরের বিদ্যমান আশ্রয়কেন্দ্র, আবাসন ও সহায়তা কর্মসূচির কার্যকারিতা বাড়াতে চান তিনি। একই সঙ্গে গৃহহীনতা মোকাবিলায় বরাদ্দ অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা খতিয়ে দেখার পরিকল্পনাও রয়েছে।
এ কাজে লস এঞ্জেলেসের সিটি কন্ট্রোলার কেনেথ মেহিয়ার সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন রামান। শহরের বিভিন্ন বিভাগে অর্থের অপচয় চিহ্নিত করে সেই অর্থ নতুন উদ্যোগে ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাঁর।
শহরের দৈনন্দিন নাগরিক সমস্যার সমাধানেও দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দায়িত্বের প্রথম দিন থেকেই জরুরি মেরামত ও পরিচ্ছন্নতার জন্য বিশেষ দল গঠনের পরিকল্পনা রয়েছে। কোথায় রাস্তার বাতি নষ্ট, কোথায় মেরামতের অভিযোগ জমা পড়েছে এবং কখন সেগুলো ঠিক করা হবে—এসব তথ্য নিয়ে একটি মানচিত্র তৈরির কথাও বলেছেন তিনি।
জননিরাপত্তার ক্ষেত্রে পুলিশের ওপর চাপ কমিয়ে বিকল্প জরুরি সেবা সম্প্রসারণ করতে চান রামান। তাঁর পরিকল্পনায় রয়েছে নিরস্ত্র সংকট মোকাবিলা দল বাড়ানো, এসব দলকে ৯১১ জরুরি ফোন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা এবং আরও জরুরি কল অপারেটর নিয়োগ। এর ফলে যেসব ঘটনায় সশস্ত্র পুলিশের প্রয়োজন নেই, সেখানে প্রশিক্ষিত নিরস্ত্র কর্মীদের পাঠানো সম্ভব হবে। পাশাপাশি পুলিশের জরুরি সাড়াদানের সময় কমানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
২০২৫ সালের দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনরুদ্ধারেও বিশেষ গুরুত্ব দিতে চান নতুন মেয়র। এ জন্য প্যালিসেডস পুনর্গঠন ও পুনরুদ্ধার কার্যক্রম তদারকিতে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা রয়েছে।
শহরের অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নেও কয়েকটি উদ্যোগের কথা জানিয়েছেন রামান। হলিউডের চলচ্চিত্র শিল্পকে সহায়তা করতে মেয়রের কার্যালয়ের অধীনে বিশেষ ফিল্ম অফিস প্রতিষ্ঠা, রেস্তোরাঁগুলোর জন্য বাইরে বসে খাবার পরিবেশনের অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং ছোট ব্যবসার লাইসেন্স ও অনুমতিপত্র পাওয়ার জটিলতা কমানোর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ২০২৮ সালের অলিম্পিকের আগে সরকারি-বেসরকারি অংশীদারত্বে শহরে এক লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের পিপল মুভার প্রকল্প নিয়েও নতুনভাবে কাজ করার কথা বলেছেন। এ ক্ষেত্রে বিমানবন্দর পরিচালনাকারী সংস্থার বোর্ডে নতুন সদস্য নিয়োগের মাধ্যমে প্রকল্পের জটিলতা কাটানোর চেষ্টা করবেন তিনি।
তবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থ ও প্রশাসনিক সক্ষমতা বড় বিষয় হয়ে উঠতে পারে। শহরের সাবেক কাউন্সিল সদস্য মাইক বোনিনের মতে, চলতি অর্থবছরের বাজেট ইতোমধ্যে বরাদ্দ হয়ে যাওয়ায় বড় ধরনের পরিবর্তনের জন্য নতুন অর্থবছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। লস এঞ্জেলেসের নতুন অর্থবছর শুরু হয় ১ জুলাই। অন্যদিকে, আগামী বছরের এপ্রিলের শুরুতেই নতুন মেয়রকে শহরের বাজেট প্রস্তাব দিতে হবে।
ফলে শপথ নেওয়ার পর প্রথম কয়েক মাসেই রামানকে একদিকে প্রশাসনিক কাঠামো সাজাতে হবে, অন্যদিকে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংস্থান ও অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। লস এঞ্জেলেসবাসী এখন দেখার অপেক্ষায়, প্রচারের সময় দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবে কতটা কার্যকর করতে পারেন শহরের নতুন মেয়র।