আন্তর্জাতিক

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে পরিদর্শন ও নজরদারির ব্যবস্থা সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। তবে চুক্তিতে সংস্থাটির সবচেয়ে শক্তিশালী পরিদর্শন কাঠামো হিসেবে পরিচিত ‘অ্যাডিশনাল প্রটোকল’ অন্তর্ভুক্ত না থাকায় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে কাজ করা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ রয়েছে। বুধবার ভিয়েনায় আইএইএর পরিচালনা পর্ষদের বৈঠকের ফাঁকে সংবাদ সম্মেলনে গ্রোসি বলেন, নির্দিষ্ট এই চুক্তিতে যে পরিদর্শন ব্যবস্থা রাখা হয়েছে, তা অত্যন্ত সন্তোষজনক। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সৌদি আরব অ্যাডিশনাল প্রটোকলেও যুক্ত হতে পারে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিটি ‘১২৩ অ্যাগ্রিমেন্ট’ নামে পরিচিত। চুক্তিটি বাস্তবায়নে মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদন প্রয়োজন। এর আওতায় সৌদি আরবে পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি গড়ে তুলতে প্রয়োজনীয় প্রযুক্তি ও সহযোগিতা দেওয়ার পথ তৈরি হবে। চুক্তিটি নিয়ে উদ্বেগের বড় কারণ হলো, এতে সৌদি আরবের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিংবা ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণের ওপর সরাসরি নিষেধাজ্ঞা নেই। এসব প্রক্রিয়া বেসামরিক কাজে ব্যবহার করা সম্ভব হলেও পারমাণবিক অস্ত্র তৈরির পথও তৈরি করতে পারে। সৌদি আরব ইতিমধ্যে আইএইএর সঙ্গে ‘কমপ্রিহেনসিভ সেফগার্ডস অ্যাগ্রিমেন্ট’ করেছে। এর আওতায় দেশটির ঘোষিত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ পাবে সংস্থাটি। তবে সৌদি আরব এখনো ‘অ্যাডিশনাল প্রটোকল’ স্বাক্ষর করেনি। এই প্রটোকল কার্যকর হলে আইএইএ ঘোষণার বাইরে থাকা সন্দেহজনক স্থাপনাতেও তুলনামূলক বিস্তৃত ও আকস্মিক পরিদর্শনের ক্ষমতা পেত। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের প্রস্তাবিত নজরদারি ব্যবস্থায় আকস্মিক পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে, তবে তা ঘোষিত স্থাপনার মধ্যেই সীমাবদ্ধ। চুক্তির নথি অনুযায়ী, আইএইএ কোনো নির্ধারিত স্থাপনায় আগে থেকেই অবস্থান করলে পরিদর্শনের জন্য সৌদি আরবকে অন্তত দুই ঘণ্টা আগে জানাতে হবে। অন্য ক্ষেত্রে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে। গ্রোসি স্বীকার করেন, অ্যাডিশনাল প্রটোকল আইএইএকে আরও বেশি প্রবেশাধিকার দেয় এবং এটিকে অনেকেই আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচনা করেন। তাঁর মতে, দেশগুলো এই প্রটোকলে যুক্ত হলে তা ভালো হবে। সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি নিয়ে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নও রয়েছে। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে সৌদি আরবও একই পথে এগোবে। ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির আওতায় তেহরান অ্যাডিশনাল প্রটোকল বাস্তবায়নে সম্মত হয়েছিল। তবে ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। ২০২১ সালে ইরানও প্রটোকলটির বাস্তবায়ন বন্ধ করে দেয়। সৌদি আরবের সঙ্গে চুক্তির আওতায় দেশটির পারমাণবিক কর্মসূচি শুরু হলে আইএইএ নজরদারি চালাবে বলে জানিয়েছেন গ্রোসি।