বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, মাগরিবের নামাজের আগে চায়ের আমন্ত্রণ জানিয়ে শফিকুর রহমানকে নিজের কার্যালয়ে ডাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সেখানে যান বিরোধীদলীয় নেতা। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।
সূত্রের দাবি, বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অতীতের মতো একই মঞ্চে থেকে কাজ করার প্রত্যয় জানান তাঁরা। দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য পাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়েও দুই নেতা একমত হন।
আলোচনায় জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরেন জামায়াত আমির। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
তবে বৈঠকে উত্থাপিত বিষয়গুলো নিয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। আলোচনার পরিপ্রেক্ষিতে সরকার বা বিরোধী দলের পক্ষ থেকে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তাঁদের বৈঠকটি নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি সরকার ও বিরোধী দলের সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো সমঝোতা বা রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত—তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।