ক্যালিফোর্নিয়ার মোডেস্টো শহরে এক অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করে মাটিতে ফেলে আটক করার অভিযোগ উঠেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) কর্মকর্তাদের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আটক ওই নারীর নাম লিজবেথ ভারগাস আন্দ্রাদে। ২৩ বছর বয়সী এই নারী প্রায় ১২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। গত ১৫ নভেম্বর স্ট্যানিসলস কাউন্টি কারাগারের বাইরে আইসিইর কার্যক্রমের প্রতিবাদ ও ভিডিও ধারণ করার সময় তাঁর সঙ্গে কর্মকর্তাদের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী প্যাট্রিক কোলাসিনস্কি।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, আন্দ্রাদে, তাঁর স্বামী আদলফো তালাভেরা আলভারাদো এবং তাঁর ননদ মনিকা আলভারাদো ঘটনাস্থলে আইসিই কর্মকর্তাদের তৎপরতা পর্যবেক্ষণ করছিলেন। এ সময় কর্মকর্তারা একটি গাড়ি থেকে এক ব্যক্তিকে আটক করার চেষ্টা করছিলেন। ওই গাড়ির সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদেরও সংশ্লিষ্টতা ছিল।
আন্দ্রাদের স্বামীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, কয়েকজন কর্মকর্তা তাঁকে আটক করার চেষ্টা করছেন। একপর্যায়ে একজন কর্মকর্তাকে তাঁর দিকে পিপার স্প্রে ছুড়তে দেখা যায়। তবে স্প্রেটি ঠিক কোথায় লেগেছিল, তা ভিডিওতে স্পষ্ট নয়। পরে কর্মকর্তারা তাঁকে মাটিতে ফেলে হাতকড়া পরান। এ সময় তাঁর স্বামীকে চিৎকার করে বলতে শোনা যায়, তিনি অন্তঃসত্ত্বা।
আন্দ্রাদের অভিযোগ, তাঁকে আটক করে স্টকটনে আইসিইর একটি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা রাখার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে হাসপাতালে পরীক্ষা করালে চিকিৎসকেরা জানান, তাঁর অনাগত সন্তান সুস্থ আছে।
আন্দ্রাদের দাবি, একজন কর্মকর্তাকে আঘাত করার অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আইনজীবী জানিয়েছেন, এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।
অন্যদিকে, আইসিইর এক মুখপাত্র এবিসি নিউজকে জানিয়েছেন, আন্দ্রাদে কর্মকর্তাদের গ্রেপ্তার কার্যক্রমে বাধা দিয়েছেন এবং তা ঠেকানোর চেষ্টা করেছেন। সংস্থাটির দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মকর্তা তাঁর প্রশিক্ষণ অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। আন্দ্রাদের আচরণকে আক্রমণাত্মক ও অসহযোগিতামূলক বলেও উল্লেখ করেছে আইসিই।
স্ট্যানিসলস কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, এই ঘটনায় তাদের ডেপুটিরা জড়িত ছিলেন না।