বাংলাদেশ

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনর্গঠন ও তা সুদৃঢ় করতে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে তিনি জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়েছেন। গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে দুই নেতার মধ্যে এই বৈঠক হয়। জামায়াতের একাধিক সংসদ সদস্যের বরাতে জানা গেছে, মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে ফোন করে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁদের মধ্যে প্রায় ১৫ মিনিট আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য গড়ে তোলার বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি সর্বদলীয় মিছিল আয়োজনের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রীকে শফিকুর রহমান বলেছেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আগে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নাশকতা প্রতিরোধ এবং দেশের প্রয়োজনে সেই ঐক্য আবারও শক্তিশালী করা সম্ভব। এ জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার ওপর জোর দিয়েছেন বিরোধীদলীয় নেতা। তাঁর মতে, এই দুটি বিষয় বাস্তবায়িত হলেই ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যের ভিত্তি আরও মজবুত হবে। ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনও বৈঠকের বিষয়ে একই ধরনের তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার প্রথম আলোকে তিনি বলেন, সরকার জুলাই সনদ থেকে সরে যাওয়ায় ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে বলে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। সাইফুল আলম খান মিলনের ভাষ্য অনুযায়ী, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মূল ভিত্তি হলো জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায়। এই ঐক্য ধরে রাখতে এবং ফ্যাসিবাদী শক্তির তৎপরতা প্রতিহত করতে প্রধানমন্ত্রীকে সনদ ও গণভোটের রায় মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন জামায়াত আমির। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোভাব ইতিবাচক ছিল বলেও জানান তিনি। জামায়াত নেতাদের বক্তব্য, জুলাই সনদকে কেন্দ্র করেই আগে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি হয়েছিল। কিন্তু সরকার সনদ বাস্তবায়ন না করায় সেই ঐক্য দুর্বল হয়ে পড়েছে। নতুন করে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হলে সনদ বাস্তবায়ন জরুরি। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কা এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়গুলোও আলোচনায় আসে বলে জামায়াত সূত্র জানিয়েছে। এর আগে বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশে-বিদেশে সন্ত্রাসী তৎপরতা মোকাবিলায় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। দলটিকে রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশে-বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের পরিচয় প্রমাণ করেছে। এই গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। চব্বিশের চেতনায় তাদের আবারও প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।