লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

যুক্তরাষ্ট্রের সব ফ্রিওয়েতে চালকবিহীন ট্যাক্সি চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েমো। ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা উদ্বেগের কারণে প্রতিষ্ঠানটির রোবোট্যাক্সি চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার পর দেশজুড়ে এই সিদ্ধান্ত নিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মালিকানাধীন ওয়েমো। গত ১১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার মোটরযান বিভাগ (ডিএমভি) রাজ্যের ফ্রিওয়েতে ওয়েমোর চালকবিহীন গাড়ি চলাচল ও পরীক্ষামূলক কার্যক্রম নিষিদ্ধ করে। গাড়িগুলোর কয়েকটি ঘটনায় নির্মাণকাজ চলা এলাকায় প্রবেশের পর জননিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে নিয়ন্ত্রক সংস্থাটি এই পদক্ষেপ নেয়। ওয়েমোর মুখপাত্র জানিয়েছেন, যেসব মার্কেটে প্রতিষ্ঠানটির ফ্রিওয়ে সেবা চালু ছিল, সেসব জায়গায় বাণিজ্যিকভাবে চালকবিহীন ট্যাক্সি চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়েছে। তবে প্রশিক্ষিত বিশেষজ্ঞদের উপস্থিতিতে ফ্রিওয়েতে গাড়ির পরীক্ষা চালু রয়েছে। এই স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। ক্যালিফোর্নিয়ার নিষেধাজ্ঞার পেছনে মূলত দুটি ঘটনা কাজ করেছে। গত ৫ নভেম্বর সানফ্রান্সিসকো বে এলাকার বার্লিংগেমের কাছে ইউএস হাইওয়ে ১০১-এ তিনটি ওয়েমো গাড়ি সড়ক নির্মাণের জন্য বন্ধ রাখা এলাকায় ঢুকে পড়ে। সেখানে নির্মাণকর্মী, যানবাহন ও বিভিন্ন সরঞ্জাম উপস্থিত ছিল। পরদিন ৬ নভেম্বর সানফ্রান্সিসকোর ইন্টারস্টেট ২৮০ মহাসড়কে আরেকটি ঘটনা ঘটে। সেখানে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল পুলিশের গাড়ি সামনে রেখে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চলছিল। এ সময় একটি ওয়েমো গাড়িকে পুলিশের গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ক্যালিফোর্নিয়ার মোটরযান বিভাগের মুখপাত্র জোনাথন গ্রোভম্যান জানান, সক্রিয় নির্মাণ এলাকায় ওয়েমোর গাড়িগুলোর বারবার প্রবেশের ঘটনায় জননিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটির চালকবিহীন ফ্রিওয়ে কার্যক্রমকে জননিরাপত্তার জন্য তাৎক্ষণিক ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ওয়েমো কার্যকর সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে—এমন প্রমাণ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে ওয়েমো জানিয়েছে, সাম্প্রতিক নির্মাণ এলাকা-সংক্রান্ত ঘটনাগুলোতে কোনো সংঘর্ষ বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানটি বলছে, নিরাপত্তা নিশ্চিত করতে তারা অন্যান্য মার্কেটেও ফ্রিওয়ে কার্যক্রম পর্যালোচনা করছে। একই সঙ্গে ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রক সংস্থা ও অন্যান্য রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে কাজ করে সেবা পুনরায় চালুর চেষ্টা চলছে। এর আগে সানফ্রান্সিসকো বে এলাকা, লস এঞ্জেলেস, ফিনিক্স, মায়ামি ও অস্টিনে যাত্রীরা ওয়েমোর চালকবিহীন ট্যাক্সিতে ফ্রিওয়ে ব্যবহার করতে পারতেন। তবে লাস ভেগাস, ডালাস ও ডেনভারের মতো শহরে সড়কপথে তাদের ট্যাক্সি সেবা আপাতত চালু রয়েছে। চলতি বছরের মে মাসেও নির্মাণ এলাকা শনাক্ত ও চলাচল নিয়ে সমস্যার কারণে ফ্রিওয়ে সেবা সাময়িকভাবে বন্ধ করেছিল ওয়েমো। পরে সফটওয়্যারে পরিবর্তন আনার পর জুলাইয়ে আবারও সেবা চালু করা হয়। এবারের নিষেধাজ্ঞা প্রতিষ্ঠানটির চালকবিহীন গাড়ির নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।