লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ল্যাটিন শিক্ষার্থী ভর্তি



ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এই বছরের ফল সেমিস্টারে সব চেয়ে বেশি ল্যাটিন শিক্ষার্থী ভর্তি হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম। বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক ডেটা থেকে এই তথ্য পাওয়া যায়।  

ল্যাটিন শিক্ষার্থীরা প্রথম বারের মতো এশিয়ান আমেরিকান শিক্ষার্থীদের পিছনে ফেলেছে। ভর্তি হওয়া ৭৯,৯৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ল্যাটিন ৩৬ শতাংশ। এরপরে এশিয়ান ৩৫, শ্বেতাঙ্গ ২১, কৃষ্ণাঙ্গ ৫ শতাংশ এবং বাকিরা হলেন আমেরিকান ভারতীয়সহ অন্যান্য জাতি গোষ্ঠী যাদের স্টেট এখনও স্বীকৃতি দেয়নি। ভর্তি হওয়া ৪৪ শতাংশ শিক্ষার্থী নিম্ন আয়ের এবং ৪৫ শতাংশ শিক্ষার্থী উচ্চ আয়ের পরিবার থেকে এসেছে।    

প্রথম বারের মতো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নয়টি আন্ডারগ্রেজুয়েড ক্যাম্পাসে ১১৯,০৫৪ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে। যা আগের বছর ছিলো ১০৮,১৭৮। ক্যালিফোর্নিয়া কমিউনিটি কলেজ থেকে বদলি হওয়া ২৮,০৭৪ জন শিক্ষার্থীকেও ভর্তি করা হয়েছে।  

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জ্যানেট ন্যাপলেটেনো বলেন,  ‘করোনাভাইরাস মহামারির মধ্যেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নিতে হচ্ছে। এটা খুবই চ্যালেঞ্জিং। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আমরা বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থী গড়ে তুলছি। এই জন্য ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু শিক্ষার্থী সংখ্যা ভর্তি বৃদ্ধি চলমান রেখছে। শিক্ষার্থীদের আয় কাঠামোটা খুব বৈচিত্র্যপূর্ণ। এই রকম শিক্ষার্থীদের ভর্তি করাতে পেরে বিশ্ববিদ্যালয় গর্বিত।’  

এলএ বাংলা টাইমস/এস/আর