লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বাড়লো 'স্টে হোম' এর সময়সীমা

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চলমান স্টে-এট-হোম নির্দেশ দ্বিতীয় দফা বাড়ানো হয়েছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে করোনা রোগী উপচে পড়ায় পুরোনো নির্দেশ আবারো বর্ধিত করা হলো। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার গভর্নর অফিস স্টে হোম অর্ডার বর্ধিত করার ঘোষণা দেন। ২০২০ সালের শেষ মাসগুলোর মতো ২০২১ সালের শুরুতে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও সান জোয়াকুইন ভ্যালিতে এই স্টে-এট-হোম অর্ডার জারি থাকবে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ক্রমবর্ধমান রোগী ভর্তি ও জরুরি বিভাগে আসন সংকট দেখা দেওয়ায় এই কঠোর পদক্ষেপ বর্ধিত করেছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যসেবীরা বলছেন, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় এবার করোনোর তৃতীয় ঢেউ শুরু হয়েছে। প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান সীমিত ও রেস্টুরেন্টে বসে খাওয়া নিষেধ থাকলেও অনেকেই এই নিষেধাজ্ঞা পালন করেনি। এছাড়া থ্যাংকসগিভিং এর ধাক্কা সামলে না উঠতেই বড়দিনের ছুটি উস্কে দিয়েছে সংক্রমণ। বড়দিনের পার্টি করায় ও ভ্রমণ বেড়ে যাওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে আরো বেশি। প্রতি ছয় মিনিটে রাজ্যটিতে করোনা সংক্রান্ত একজন বাসিন্দার মৃত্যু হচ্ছে। এছাড়া হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও ক্রমেই বাড়ছে। সেই সাথে জরুরি বিভাগের আসন সংকট দেখা গেছে। করোনার রেড জোনে অবস্থান করছে সান জোয়াকুইন ভ্যালি ও ক্যালিফোর্নিয়া। মূলত জরুরি বিভাগের আসন সংখ্যা কমে যাওয়ার কারণেই স্টে-এট-হোম অর্ডার বর্ধিত করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি ড. ক্রিস্টিয়ানা ঘ্যালি বলেন, জরুরি বিভাগের আসন সংখ্যা ১৫ শতাংশের বেশি খালি হলেই স্টে-এট-হোম অর্ডার বাতিল করা হবে। এলএবাংলাটাইমস/ওএম