লস এঞ্জেলেস

অরেঞ্জ কাউন্টিতে অবৈধ স্ট্রিট রেসের অভিযোগে ইউটিউবার আটক

অরেঞ্জ কাউন্টির জনপ্রিয় ইউটিউবার রুশদান আব্দুল্লাহর বিরুদ্ধে অবৈধ স্ট্রিট রেসের অভিযোগ এনে তাকে আটক করেছে ইরভাইন পুলিশ। রুশদান তার ইউটিউব চ্যানেলে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গাড়ি সংস্কৃতিকে তুলে ধরতো। গত সপ্তাহে রুশদান আব্দুল্লাহসহ আরো চারজনকে অরেঞ্জ কাউন্টির ইরভাইন, টুস্টিন, লেক ফরেস্ট ও ফুটহিল রেঞ্চে নির্দেশিত গতির থেকে বেশি জোরে অবৈধ স্ট্রিট রেস প্রতিযোগিতার অভিযোগে আটক করা হয়। এদিকে, প্রায় কয়েক মাস আগে তার দুইটি গাড়ি আটক করে নিজেদের জিম্মায় রেখে দিয়েছে পুলিশ। সেই সাথে আরো কিছু ইউটিউবারের গাড়ি আটক করা হয়েছে বলে জানা গেছে। রুশদান আব্দুল্লাহর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে দুই লাখ বিশ হাজার। গাড়ি নিয়ে করা তার ভিডিওগুলো কয়েক লাখ মানুষ দেখে থাকে। তবে হুট করেই রুশদান তার চ্যানেলে ভিডিও প্রচার বন্ধ করে দেয়। এরপর জানায়, তার দুইটি গাড়ি পুলিশ নিয়ে গেছে। একই সাথে আরো কয়েকজনের গাড়িও পুলিশ নিজেদের জিম্মায় রেখে দিয়েছে। রুশদান আব্দুল্লাহ জানায়, একদিন সকালে পুলিশ এসে হঠাৎ করেই আমার দুইটি গাড়ি নিয়ে চলে গেছে। আরো দুইজনের গাড়িও পুলিশ নিয়ে গেছে। অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নি টড স্পিটজার এই বিষয়ে বলেন, 'স্ট্রিট রেস সম্পূর্ণ নিষিদ্ধ। এতে জন সাধারণের ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই সাথে বড় আকারের দূর্ঘটনার শঙ্কাও থাকে'। এদিকে, পরবর্তীতে ২০ হাজার ডলার জামানতের বিপরীতে রুশদান আব্দুল্লাহকে জামিন দেয়া হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম