৭ লাখ ৫০ হাজার ডলার সমমূল্যের চোরাই ক্যাটালিস্ট কনভার্টারসহ ১৯ জনকে আটক করেছে দ্য লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট।
বুধবার (১০ মার্চ) লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। সান্তা ক্লারিটা ভ্যালিসহ আরো চারটি স্থানে অভিযান চালিয়ে এই ১৯ জনকে আটক করা হয়।
সম্প্রতি লস এঞ্জেলেসে গাড়ি থেকে ক্যাটালিস্ট কনভার্টার চুরি বেড়ে যাওয়ায় এই অপারেশন চালায় লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট। জানা গেছে, ২০২০ সালের থেকে এই বছরে গাড়ি থেকে ক্যাটালিস্ট কনভার্টার চুরির ঘটনা ঘটেছে ৪০০ শতাংশ বেশি।
শেরিফ ডিপার্টমেন্টের সার্জেন্ট কেইথ গ্রিন জানান, গাড়ির এই নিঃসরণ যন্ত্রটিতে দামি ধাতু থাকায় এবং এর চাহিদা থাকায় সহজেই বিক্রি করে লাভবান হতে পারে চোরাই দল। তাই এই ক্যাটালিস্ট কনভার্টার চুরির ঘটনা ক্রমেই বেড়ে গেছে।
লস এঞ্জেলেস কাউন্টিতে যারা এসব চুরির সাথে জড়িত, তাদের প্রধান লক্ষ্য মূলত ফার্স্ট জেনারেশন প্রিউস এবং ফোর্ড এফ-২৫০ গাড়ি। এছাড়া বড় গাড়িগুলোর ক্যাটালিস্ট কনভার্টার আকারে বড় হওয়ায় ও এসব গাড়ির ক্যাটালিস্ট কনভার্টারে মূল্যবান ধাতু থাকায় এগুলো চুরির সংখ্যাও বাড়ছে।
কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, আটকৃতদের কাছ থেকে ২৫০টি ক্যাটালিস্ট কনভার্টার উদ্ধার করা হয়েছে। এগুলোর একত্রিত মূল্য হবে ৭ লাখ ৫০ হাজার ডলার। এছাড়াও তাদের কাছ থেকে একটি ঘোস্ট হ্যান্ডগান ও এক লাখ ডলার ক্যাশ উদ্ধার করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম