লস এঞ্জেলেস

অরেঞ্জ টিয়ারে লস এঞ্জেলেস, শিথিল হচ্ছে আরো বিধিনিষেধ

করোনার সংক্রমণের হার অব্যাহতভাবে কমতে থাকার সুফল পেয়েছে লস এঞ্জেলেস কাউন্টি। বিধিনিষেধের ক্ষেত্রে কঠিন স্তর রেড টিয়ারে থাকা লস এঞ্জেলেস কাউন্টি এবার অরেঞ্জ টিয়ারে নেমে এসেছে৷ ক্যালিফোর্নিয়া রাজ্যের কালার কোড সম্বলিত টিয়ার সিস্টেম অনুযায়ী, রেড টিয়ার থেকে অরেঞ্জ টিয়ারে ব্যবসাপ্রতিষ্ঠানের উপর করোনা বিধিনিষেধ আরো শিথিল থাকে। করোনার সংক্রমণ অব্যাহতভাবে কমতে থাকায় বেশ কিছুদিন আগেই অরেঞ্জ টিয়ারে নেমে আসার মতো অবস্থা সৃষ্টি হয়েছে লস এঞ্জেলেস কাউন্টিতে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সোমবার (৫ মার্চ) থেকে করোনা বিধিনিষেধ শিথিল করার নির্দেশনা কার্যকর করছে। ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার পাশাপাশি আরো বেশি গ্রাহকদের সেবা দেওয়ার সুযোগ পাচ্ছে রেস্তোরাঁ ও পানশালা। একই সাথে জিম এবং অন্যান্য ইনডোর কার্যক্রমের পরিধি বাড়ানোর অনুমতিও মিলছে৷ অরেঞ্জ টিয়ারের নির্দেশিত করোনা বিধিনিষেধ অনুযায়ী, যেসব পানশালায় খাবার সরবরাহ করা হয় না, সেগুলো খোলা রাখা হবে। সেইসাথে রেস্তোরাঁ ও অন্যান্য খাবার বিক্রয়কারী প্রতিষ্ঠান সক্ষমতার ৫০ শতাংশ পর্যন্ত খোলা রাখতে পারবে। এছাড়া জিম ও ফিটনেস সেন্টারগুলো ১০ শতাংশ থেকে এখন সক্ষমতার ২৫ শতাংশ খোলা রাখতে পারবে। তবে বাসিন্দাদের মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার নিয়মগুলো পালন করতে হবে৷ এদিকে, অন্যান্য কাউন্টিতে রিটেইল স্টোর ও সুপার শপগুলো তাদের সক্ষমতার শতভাগ খুলে দেওয়ার অনুমতি পেলেও লস এঞ্জেলেস কাউন্টির রিটেইল স্টোর এবং সুপার শপগুলো তাদের সক্ষমতার ৭৫ শতাংশ খোলা রাখার অনুমতি পেয়েছে। লস এঞ্জেলেস কাউন্টির পাবলিক হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরেরা বাসিন্দাদের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন। একই সাথে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেও পরামর্শ দেন তিনি। এলএবাংলাটাইমস/ওএম