যুক্তরাষ্ট্রের East Los Angeles এলাকায় একটি ভূগর্ভস্থ তেলের পাইপলাইন ফেটে হাজার হাজার গ্যালন অপরিশোধিত তেল রাস্তায়, ড্রেনেজ ব্যবস্থায় এবং শেষ পর্যন্ত Los Angeles River-এ গিয়ে পড়েছে।
শুক্রবার ভোরে একটি নির্মাণকাজ চলাকালে দুর্ঘটনাটি ঘটে। তদন্তকারীরা জানান, ফাইবার অপটিক কেবল বসানোর সময় শ্রমিকরা ভুলবশত তেলের পাইপলাইনে ড্রিল করে ফেলেন। এতে পাইপলাইন ফেটে কালো অপরিশোধিত তেল দ্রুত বের হতে শুরু করে।
ঘটনার পর সিজার শাভেজ ও ইস্টার্ন অ্যাভিনিউ এলাকার সড়ক বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত পরিষ্কার কার্যক্রম চলছিল। দমকল বাহিনী জানায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে প্রথম জরুরি কল আসে।
কর্তৃপক্ষের ধারণা, এ ঘটনায় প্রায় ২ হাজার ৪০০ গ্যালন তেল ছড়িয়ে পড়েছে। তেল দ্রুত স্টর্ম ড্রেনে ঢুকে পরে এলএ নদীতে পৌঁছে যায়, যা পরে সমুদ্রে গিয়ে মিশে।
স্থানীয় বাসিন্দা আর্নেস্ট মেনডোজা জানান, সকালে পরিস্থিতি খুব খারাপ ছিল। তিনি বলেন, “আমি কয়েকটি বাড়ি দূরে থাকি। সকালে তেলের গন্ধ এতটাই তীব্র ছিল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।”
Los Angeles Fire Department-এর কর্মকর্তা অ্যারন কেটন বলেন, শুরুতে প্রতি সেকেন্ডে প্রায় ৫ গ্যালন তেল বের হচ্ছিল। পরে হ্যাজম্যাট দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে পাইপলাইন পরিচালনাকারী প্রতিষ্ঠান তেলের প্রবাহ বন্ধ করতে সক্ষম হয়। তবে এরই মধ্যে পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়েছে।
কর্তৃপক্ষ এখন স্টর্ম ড্রেন নেটওয়ার্ক পরীক্ষা করে দেখছে তেল কত দূর পর্যন্ত ছড়িয়েছে। এরপর পুরো এলাকা পরিষ্কার ও পরিবেশগত ক্ষতি নিরূপণে কাজ শুরু হবে।
স্থানীয় কর্মকর্তারা ঘটনাটির পূর্ণ তদন্ত এবং জনস্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।
এলএবাংলাটাইমস/ওএম