আসন্ন বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি)। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কয়েক দশকের মধ্যে তাদের অন্যতম বড় পুলিশ মোতায়েন হতে যাচ্ছে।
ফিফা ফ্যান ফেস্টের এলএপিডি অপারেশন প্রধান ক্যাপ্টেন এরিক এপোলিটো বলেন, “আমার ২৯ বছরের চাকরি জীবনে এটি সবচেয়ে বড় মোতায়েনগুলোর একটি।”
বিশ্বকাপের স্থানীয় ম্যাচগুলো ইনগেলউডের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও পুলিশের প্রধান নজর থাকবে লস এঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়ামে। সেখানে বড় পর্দায় খেলা সম্প্রচার করা হবে এবং হাজারো সমর্থক একসঙ্গে খেলা উপভোগ করবেন।
এরিক এপোলিটো জানান, প্রতিদিন প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতির পরিকল্পনা করা হয়েছে। পুরো আয়োজনটি বড় ধরনের ওয়াচ পার্টির মতো হবে, যেখানে মাঠে সংগীত পরিবেশনাসহ বিভিন্ন অনুষ্ঠানও থাকবে।
“অফিশিয়াল ফিফা ফ্যান ফেস্ট লস এঞ্জেলেস” আগামী ১১ জুন থেকে টানা চার দিন চলবে। এছাড়া বিশ্বকাপকে ঘিরে ৩৯ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান, উদযাপন ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম আয়োজন করা হবে। লস এঞ্জেলেস কাউন্টিজুড়ে আরও ১০টি অফিসিয়াল ফ্যান জোনেও এসব আয়োজন চলবে।
এলএপিডি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের প্রধান লক্ষ্য থাকবে সমর্থকদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা।
এপোলিটো বলেন, “আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী যে এটি একটি নিরাপদ আয়োজন হবে।”
তবে কতসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে বা কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, কয়েক মাস ধরেই এ আয়োজনের প্রস্তুতি চলছে।
এলএবাংলাটাইমস/ওএম