ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনের দৌড় এখন মূলত তিন প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ হয়ে এসেছে বলে নতুন এক জরিপে উঠে এসেছে। মঙ্গলবারের প্রাইমারি নির্বাচনের আগে প্রকাশিত সর্বশেষ জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জেভিয়ার বেসেরা শীর্ষ অবস্থানে রয়েছেন।
এমারসন কলেজ ও ইনসাইড ক্যালিফোর্নিয়া পলিটিকসের যৌথ জরিপ অনুযায়ী, সম্ভাব্য ভোটারদের ২৮ শতাংশের সমর্থন পেয়েছেন সাবেক স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক সচিব জেভিয়ার বেসেরা।
তাঁর পরেই রয়েছেন ডেমোক্র্যাট বিলিয়নিয়ার ব্যবসায়ী টম স্টেয়ার, যার সমর্থন ২২ শতাংশ। রিপাবলিকান ভাষ্যকার স্টিভ হিলটন পেয়েছেন ২১ শতাংশ সমর্থন।
রিপাবলিকান প্রার্থী ও রিভারসাইড কাউন্টির শেরিফ চ্যাড বিয়ানকো রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর পক্ষে সমর্থন ১২ শতাংশ। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী কেটি পোর্টার, ম্যাট মাহান এবং আন্তোনিও ভিয়ারাইগোসার সমর্থন এক অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
গত ২৭ ও ২৮ মে পরিচালিত জরিপে এক হাজার সম্ভাব্য ভোটারের মতামত নেওয়া হয়। জরিপের ত্রুটির সীমা ছিল ৩ শতাংশ।
এমারসন কলেজ পোলিংয়ের নির্বাহী পরিচালক স্পেনসার কিমবল বলেন, জেভিয়ার বেসেরা এখনও স্পষ্টভাবে এগিয়ে আছেন। তবে টম স্টেয়ার এবং স্টিভ হিলটন—দুজনেরই নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, নির্বাচনের দিনে যদি চ্যাড বিয়ানকোর সমর্থন কমে যায়, তাহলে স্টিভ হিলটন এগিয়ে যেতে পারেন। অন্যদিকে টম স্টেয়ারের সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে তরুণ ভোটারদের ভোটদানের ওপর।
জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ৫ শতাংশ এখনও সিদ্ধান্তহীন বলে জানিয়েছেন।
বর্তমান গভর্নর গ্যাভিন নিউসমের উত্তরসূরি নির্বাচনের এই প্রতিযোগিতা বড় ধরনের মোড় নেয় গত এপ্রিলে। তখন ডেমোক্র্যাট নেতা ও কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল যৌন অসদাচরণের অভিযোগের মুখে হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং পরে কংগ্রেস থেকেও পদত্যাগ করেন।
এর ফলে অন্যান্য ডেমোক্র্যাট প্রার্থীদের সামনে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ তৈরি হয়। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন জেভিয়ার বেসেরা।
একসময় শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত কেটি পোর্টারের জনপ্রিয়তা কমে যায় ২০২৫ সালের অক্টোবরে সিবিএস নিউজকে দেওয়া একটি বিতর্কিত সাক্ষাৎকারের পর। ওই সাক্ষাৎকারের পর তাঁর আচরণ ও ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে।
গত মে মাসের মাঝামাঝি প্রকাশিত আগের জরিপের তুলনায় বেসেরার সমর্থন ৯ শতাংশ পয়েন্ট বেড়েছে। একই সময়ে টম স্টেয়ারের সমর্থন বেড়েছে ৫ শতাংশ পয়েন্ট, স্টিভ হিলটনের ৪ শতাংশ পয়েন্ট এবং চ্যাড বিয়ানকোর ১ শতাংশ পয়েন্ট।
অন্যদিকে কেটি পোর্টারের সমর্থন ৫ শতাংশ পয়েন্ট এবং সান হোসের মেয়র ম্যাট মাহানের সমর্থন ৩ শতাংশ পয়েন্ট কমেছে।
জরিপে আরও দেখা গেছে, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ৪৪ শতাংশ, হিস্পানিক ভোটারদের মধ্যে ৩৬ শতাংশ এবং নারী ভোটারদের মধ্যে ৩৬ শতাংশের সমর্থন নিয়ে বেসেরা শক্ত অবস্থানে রয়েছেন।
অন্যদিকে রিপাবলিকান ভোটারদের ৫৯ শতাংশের সমর্থন পেয়েছেন স্টিভ হিলটন। তবে একই দলের ২৯ শতাংশ ভোটার এখনও চ্যাড বিয়ানকোর পক্ষে রয়েছেন।
তরুণ ভোটারদের মধ্যেও টম স্টেয়ার সবচেয়ে জনপ্রিয়। ৩০ বছরের কম বয়সী ভোটারদের ৩৬ শতাংশ তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম