লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিখ্যাত কিন্তু ঝুঁকিপূর্ণ ওশান বিচে সার্ফিং করতে গিয়ে ৫৫ বছর বয়সী এক অভিজ্ঞ সার্ফারের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বন্ধু, সহকর্মী সার্ফার এবং স্থানীয় বাসিন্দারা। গত ২৮ মে দুপুর দেড়টার দিকে সান ফ্রান্সিসকোর ওশান বিচের লিংকন ওয়ে এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সান ফ্রান্সিসকো ফায়ার ডিপার্টমেন্ট। নিহত সার্ফারের নাম সান্দ্রো রিকার্দো ব্রিটজ। তিনি সার্ফিংপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ছিলেন। কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলের কাছেই সার্ফিং করছিলেন এমন এক অফ-ডিউটি ন্যাশনাল পার্ক সার্ভিস লাইফগার্ড এবং তিনজন দায়িত্বে থাকা উদ্ধারকর্মী ব্রিটজকে বিপদে পড়তে দেখেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিটজ মাথার ওপর দুই হাত তুলে সাহায্যের সংকেত দিচ্ছিলেন, যা পানিতে বিপদের আন্তর্জাতিক সংকেত হিসেবে পরিচিত। উদ্ধারকর্মীরা তার কাছে পৌঁছে দেখেন, তিনি পানিতে উপুড় হয়ে ভাসছেন এবং তখন তিনি অচেতন ছিলেন। তার শ্বাস-প্রশ্বাসও বন্ধ হয়ে গিয়েছিল। পরে তাকে দ্রুত তীরে নিয়ে এসে জীবনরক্ষাকারী চিকিৎসা দেওয়া হয়। এরপর প্যারামেডিকরা সৈকতেই উন্নত চিকিৎসা শুরু করেন এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওশান বিচ অভিজ্ঞ সার্ফারদের কাছে জনপ্রিয় হলেও এটি শক্তিশালী স্রোত, পরিবর্তনশীল বালুচর এবং অনিশ্চিত ঢেউয়ের জন্য কুখ্যাত। সার্ফিংবিষয়ক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ঘটনার দিন সেখানে অস্বাভাবিকভাবে বড় ও শক্তিশালী ঢেউ ছিল, যা সাধারণত শীতকালে বেশি দেখা যায়। ব্রাজিলে জন্ম নেওয়া সান্দ্রো রিকার্দো ব্রিটজ পরে স্ত্রী মিশেল ব্রিটজকে নিয়ে সান ফ্রান্সিসকোতে বসবাস শুরু করেন। সেখানে তারা একটি ব্যবসাও গড়ে তোলেন। স্থানীয় সার্ফিং কমিউনিটি এবং সানসেট ডিস্ট্রিক্টের বাসিন্দাদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় একজন মানুষ। এ ঘটনায় একটি তহবিল সংগ্রহ কর্মসূচিও চালু করা হয়েছে, যেখানে ব্রিটজকে একজন উদার, বন্ধুবৎসল ও সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি কর্তৃপক্ষ।   এলএবাংলাটাইমস/ওএম